চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। এ জন্য শুধু বৃহস্পতিবার (২৭ আগস্ট) একদিনের ছুটি নিতে হবে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিন ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
অর্থাৎ, ২৭ আগস্ট ছুটি নিতে পারলে সরকারি চাকরিজীবীরা ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত টানা চার দিন ছুটি কাটাতে পারবেন। একইভাবে যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও বৃহস্পতিবার একদিনের ছুটি নিয়ে টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।
এর আগে গত ১৩ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসাব অনুযায়ী ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটি থাকবে। ওইদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা ছুটি ভোগ করবেন।
সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি অফিস বন্ধ থাকে। তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন।
বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্টদের নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহণ, জরুরি যানবাহনসহ অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্যাংক খোলা বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালত খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
তাই টানা চার দিনের ছুটির পরিকল্পনা করার আগে নিজ নিজ প্রতিষ্ঠান, ব্যাংক ও আদালতের জন্য প্রযোজ্য পৃথক নির্দেশনা দেখে নেওয়া প্রয়োজন।
জ/উ