রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট অব্যাহত রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও চালকদের অনেকেই পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। কোথাও আবার গ্যাসের চাপ কম থাকায় স্টেশন বন্ধ রাখতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা।
সপ্তাহের শেষ কর্মদিবসে গ্যাস সংকটে নগরবাসীর দুর্ভোগ আরও বেড়েছে। ভোররাত থেকেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি দেখা গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক চালক প্রয়োজনীয় গ্যাস নিতে পারছেন না। আবার স্বল্পচাপ ও সরবরাহ বন্ধ থাকায় বেশ কিছু ফিলিং স্টেশন কার্যক্রম বন্ধ রেখেছে।
গ্যাস সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকেরা। সিএনজিচালিত অটোরিকশা ও রাইড-শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত চালকদের অনেকেই জানিয়েছেন, সময়মতো গ্যাস না পাওয়ায় তারা নিয়মিত যাত্রী পরিবহন করতে পারছেন না। এতে তাদের দৈনিক আয়ও উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে।
এদিকে পাইপলাইনে পর্যাপ্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) না থাকায় এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে বুধবার (১৯ আগস্ট) দুপুর ৩টা থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে দেশের চলমান গ্যাস সংকট আরও তীব্র হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জ/উ