জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-09T12:29:32+06:00
2026-08-09T12:29:32+06:00
রবিবার, ৯ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ৯ আগস্ট ২০২৬
জাতীয়
অনুমোদন ছাড়া হজ এজেন্সির অনুষ্ঠান বন্ধের নির্দেশ, প্রস্তুতি চলার অভিযোগ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১২:২৯ পিএম 
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া আয়োজিত ১৪৪৭ হিজরি (২০২৭) হজের লিড ও সমন্বয়কারী এজেন্সিগুলোর সংবর্ধনা অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তবে মন্ত্রণালয়ের নির্দেশের পরও আজ রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত বৃহস্পতিবার (৬ আগস্ট) জারি করা এক চিঠিতে জানায়, রোববার সন্ধ্যা ৭টায় ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর উদ্যোগে হজের লিড ও সমন্বয়কারী এজেন্সিগুলোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই স্মারকে বলা হয়, অনুষ্ঠানটির আয়োজক ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত কোনো হজ এজেন্সি বা অংশীজন নয়। তাই এ ধরনের অনুষ্ঠান আয়োজনের এখতিয়ার প্রতিষ্ঠানটির নেই। এ বিষয়ে মন্ত্রণালয়ও অবগত নয় বলে স্মারকে উল্লেখ করা হয়।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে সেনা মালঞ্চে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানটি বন্ধ করা প্রয়োজন বলেও মন্ত্রণালয়ের স্মারকে উল্লেখ করা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়। এর আগে একই দিন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানায়।

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত কোনো হজ বা ওমরাহ এজেন্সি নয়। অনুমোদনহীন প্রতিষ্ঠানের ব্যানারে হজ এজেন্সি, হজযাত্রী এবং অনুমোদনহীন হজ কাফেলা বা গ্রুপকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হলে হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং প্রতারণামূলক কার্যক্রমের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় অনুষ্ঠানটি বন্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানায় হাব।

এদিকে অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বলা হয়েছে, ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর চেয়ারম্যান হাফিজ জিয়াউর রহমানের উদ্যোগে রোববার সন্ধ্যা ৭টায় সেনা মালঞ্চে হজের লিড ও সহযোগী এজেন্সিগুলোকে নিয়ে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে আমন্ত্রণপত্রের সঙ্গে একটি অনলাইন নিবন্ধন ফরমও সংযুক্ত করা হয়েছে।

হাব ও সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিকদের অভিযোগ, ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের দাবি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আয়েশা হাফিজ। তিনি বলেন, ‘আমরা নিয়ম মেনেই অনুষ্ঠানের আয়োজন করছি। আমরা সৌদিতে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি, তাই আমাদের হজ লাইসেন্সের প্রয়োজন হয় না। আমাদের বিরুদ্ধে কিছু লোক ষড়যন্ত্র করছে।’

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]