ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে উয়েফা। বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল হওয়ার পর এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
প্রতিবেদনে বলা হয়, ইনফান্তিনো স্বেচ্ছায় পদত্যাগ না করলে উয়েফার ৫৫টি সদস্য দেশ তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সমর্থন করতে প্রস্তুত। ফিফার গঠনতন্ত্র অনুযায়ী, লিখিত অনাস্থা প্রস্তাব আনতে অন্তত ৪৩টি সদস্য দেশের সমর্থন প্রয়োজন। শনিবার ফিফা বিতর্কিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প বাতিলের ঘোষণা দেয়।
উয়েফার দাবি, বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির চেষ্টা ফুটবলবিশ্বের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে। সংস্থাটি বলেছে, এই পরিকল্পনা বাতিল হওয়া ফুটবলবিশ্বের জন্য ইতিবাচক সিদ্ধান্ত এবং ‘ফুটবল বিক্রি করা যাবে না’-এ অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এ ইস্যুতে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফও উয়েফার অবস্থানকে সমর্থন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফিফার ভাষ্য ছিল, প্রকল্পটি বাস্তবায়িত হলে সদস্য দেশগুলো আরও বেশি আর্থিক সুবিধা পাবে। তবে বিভিন্ন দেশের আপত্তির মুখে সংস্থাটি পরিকল্পনা থেকে সরে আসে।
এদিকে, ৩৭ সদস্যের ফিফা কাউন্সিলের একটি অংশও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাউন্সিলের অন্তত ১৯ সদস্য সমর্থন দিলে জরুরি বৈঠক ডেকে তাকে পদত্যাগের আহ্বান জানানো হতে পারে। পরবর্তী ধাপে ৪৩টি সদস্য দেশের সমর্থনে লিখিত অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হলে তা পাসের জন্য ১০৬টি দেশের সমর্থন প্রয়োজন হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনাস্থা প্রস্তাব টিকে গেলেও ২০২৭ সালের মার্চে ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তাগ্লিয়ানির নাম আলোচনায় রয়েছে।
জ/উ