নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-27T17:33:37+06:00
2026-07-27T22:57:02+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:৩৩ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ১০:৫৭ পিএম
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স তিনটি শর্তে পুনর্বহাল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা আদেশে বলা হয়, রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিলের পর বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। গত ১৫ জুলাই ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের পূর্বের আদেশ প্রত্যাহার করে শর্তসাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আরোপিত শর্তগুলো হলো—

১. হাসপাতাল পরিচালনায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

২. লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।

৩. লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।

উল্লেখ্য, গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে শর্তসাপেক্ষে লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে।

জ/শা





  বিষয়:   আদ্-দ্বীন হাসপাতাল  লাইসেন্স পুনর্বহাল 



Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]