দিনাজপুর জেলা মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সি কার ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির (রেজি নং- রাজঃ ১৫১৫) ম্যানেজিং কমিটির ১২তম নির্বাচন গত শুক্রবার বিরামপুরে সমিতির প্রধান কার্যালয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে গরুর গাড়ি প্রতীকে এ.কে.এম মামুনুর রশিদ লিটন এবং সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে মোঃ জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
কমিটির বাকি ৭টি পদের মধ্যে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আশরাফুল হক তেল্লা, সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেহেদুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে শাহিনুর ইসলাম, সড়ক সম্পাদক পদে কলস প্রতীকে মোঃ খোকন, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ মিলন, কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণ। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদায়ের পর সাংবাদিক শাহ্ আলম মন্ডলকে আহবায়ক করে সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন পর অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনকে ঘিরে তাই সাধারণ সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ভোট কক্ষের বাহিরে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। নির্বাচনে সমিতির মোট ভোটার সদস্য ২২৩ জন। তন্মধ্যে ১৯৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোট গণনা শেষে রাত ৮ টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ শাহ্ আলম মন্ডল এবং সদস্য কামরুজ্জামান ও দেলোয়ার হোসেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামাল আহমেদ সওদাগর এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিরামপুর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র কর্মকর্তা আব্দুল জব্বার এবং অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল আজিজ।