৪০ বছর পর এশিয়াডে ব্যক্তিগত পদক পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-22T18:05:44+06:00
2026-09-22T18:05:44+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
৪০ বছর পর এশিয়াডে ব্যক্তিগত পদক পেল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম 
সংগৃহীত ছবি
জাপানকে হারাতে পারলেই কাবাডিতে বাংলাদেশের পদক নিশ্চিত হতো। তাই বিকেলে নাগোয়ার টোকাই ডরি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশি কর্মকর্তা ও সাংবাদিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জাপানের কাছে হেরে কাবাডি দলের পদক যখন অনিশ্চিত হয়ে পড়ে, তখনই আসে উশু থেকে সুখবর-এশিয়ান গেমসে ৪০ বছর পর ব্যক্তিগত ইভেন্টে পদক পেতে যাচ্ছে বাংলাদেশ।

নারী ৫২ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের উশু খেলোয়াড় জিন্নাত আক্তার সেমিফাইনালে উঠেছেন। টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও কাবাডির মতো উশুতেও সেমিফাইনালে হেরে যাওয়া প্রতিযোগী ব্রোঞ্জ পদক পান। এশিয়ান গেমসেও এই নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছেন বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু।

তিনি বলেন, ‘কোয়ার্টার ফাইনালে জিন্নাতের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার প্রতিযোগী ফ্লোরেন্তিনা থারিসা ওভার ওয়েট ছিলেন। এজন্য সে ডিসকোয়ালিফাইড হওয়ায় আমাদের জিন্নাত সেমিফাইনালে উঠার পাশাপাশি ব্রোঞ্জ জিতেছে।’

২০২৫ সালে ইসলামিক সলিডারিটি গেমসে উশুতে বাংলাদেশ পদক পেয়েছে-এমন খবর ছড়িয়েছিল। পরে জানা যায়, ওই ইভেন্টে প্রতিযোগীর সংখ্যা কম থাকায় ব্রোঞ্জের জন্য আলাদা ম্যাচ খেলতে হবে। ফলে এবার ব্রোঞ্জ নিশ্চিত হওয়ার খবর আসার পরও অনেকের মধ্যে কিছুটা সংশয় ছিল।

তবে বাংলাদেশ উশুর সাধারণ সম্পাদক ও দলটির কোচ দিলু বলেন, ‘ছয় জনের কম হলে ব্রোঞ্জের জন্য আলাদা ম্যাচ হয়। এই ইভেন্টে ১৫ জন প্রতিযোগী, তাই সেমিফাইনালে পরাজিত খেলোয়াড়রাও ব্রোঞ্জ পাবে।’

এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ বলেন, ‘উশুর সাধারণ সম্পাদক পদকের বিষয়টি আমাদের রিকনফার্ম করেছে। এশিয়ান গেমসে সেমিফাইনালিস্ট পদক পায়। জিন্নাতের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে, সেই হিসেবে পদকও নিশ্চিত বলা যায়। আয়োজক কমিটির সঙ্গে এখনও আলাপ হয়নি, তবে পদক নিশ্চিত।’

নারী ৫২ কেজি ইভেন্টে ১৫ জন খেলোয়াড় নকআউট পদ্ধতিতে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলেন। বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে জিন্নাত এই রাউন্ডে বাই পান। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা, যিনি প্রি-কোয়ার্টারে ফিলিপাইনের কিলাপোকে পরাজিত করেন।

২০ সেপ্টেম্বর ফ্লোরেন্তিনা খেলায় অংশ নিলেও আজ তিনি অযোগ্য ঘোষণা হন। ফলে কোনো ম্যাচে অংশ না নিয়েই এশিয়ান গেমসে পদক নিশ্চিত হয়েছে বাংলাদেশের জিন্নাতের।

১৯৭৮ সাল থেকে বাংলাদেশ এশিয়ান গেমসে অংশ নিচ্ছে। ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ব্যক্তিগত ইভেন্টে সেটিই ছিল এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র পদক। এরপর কাবাডি ও ক্রিকেটে বাংলাদেশ পদক পেলেও সেগুলো ছিল দলীয় ডিসিপ্লিনে।

চার দশক পর এশিয়াডে আবারও ব্যক্তিগত পদক পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে এবার কোনো ম্যাচে লড়াই না করেই পদক নিশ্চিত করেছেন জিন্নাত আক্তার।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]