বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-20T14:22:51+06:00
2026-08-20T14:22:51+06:00
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
প্রথমবার থ্রিলারে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:২২ পিএম 
বলিউডে প্রথমবারের মতো থ্রিলারধর্মী সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন সাইফ আলী খান ও কিয়ারা আদভানি। রহস্য ও অলৌকিক ঘটনার সমন্বয়ে নির্মিত একটি সুপারন্যাচারাল থ্রিলারে একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় এই দুই তারকাকে। এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে বলিউডের পরিচিত চিত্রনাট্যকার ও প্রযোজক কণিকা ধিলনের। নাম চূড়ান্ত না হওয়া বড় বাজেটের সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে এক্সেল এন্টারটেইনমেন্ট।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সাইফ ও কিয়ারাকে কেন্দ্র করেই বিশেষভাবে চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। নির্মাতারা চলতি বছরের শেষদিকে শুটিং শুরুর পরিকল্পনা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একটি সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, কণিকা ধিলনের পরবর্তী সিনেমার জন্যই সাইফ ও কিয়ারাকে নির্বাচিত করা হয়েছে। রহস্য ও অলৌকিকতার আবহে তৈরি এই থ্রিলারের চিত্রনাট্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন কণিকা, এক্সেল এন্টারটেইনমেন্ট ও পুরো লেখক দল। চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

হিন্দি চলচ্চিত্রে চিত্রনাট্যকার হিসেবে কণিকা ধিলনের বেশ পরিচিতি রয়েছে। ব্যতিক্রমী গল্প ও শক্তিশালী নারী চরিত্র নির্মাণের জন্য প্রশংসিত এই লেখক ‘মানমারজিয়াঁ’, ‘কেদারনাথ’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’, ‘হাসিন দিলরুবা’, ‘রশমি রকেট’, ‘রক্ষা বন্ধন’ ও ‘দুঙ্কি’র মতো সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন।

বিশেষ করে ‘হাসিন দিলরুবা’ ও এর সিক্যুয়েল ‘ফির আই হাসিন দিলরুবা’য় প্রেম, সম্পর্ক ও রহস্যের জটিল মিশেলে থ্রিলার নির্মাণে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন কণিকা। তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘কথা পিকচার্স’-এর ব্যানারে ‘দো পাত্তি’ সিনেমাটিও প্রযোজনা ও রচনা করেছেন তিনি।

এদিকে, সাইফ আলী খান ও কিয়ারা আদভানি দুজনই বর্তমানে একাধিক বড় প্রকল্প নিয়ে ব্যস্ত। কিয়ারাকে সামনে দেখা যাবে বহুল প্রতীক্ষিত ‘টক্সিক’ সিনেমায়। এতে দক্ষিণী তারকা যশ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটিতে নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তও অভিনয় করেছেন। আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে ‘টক্সিক’ মুক্তির কথা রয়েছে।

অন্যদিকে, সাইফ আলী খানের পরবর্তী সিনেমা ‘হাইওয়ান’। প্রিয়দর্শন পরিচালিত এই ক্রাইম থ্রিলারটি ২০১৬ সালের মালয়ালম হিট সিনেমা ‘ওপাম’-এর রিমেক। কেভিএন প্রডাকশন্স ও থেসপিয়ন ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে সাইফের সঙ্গে অভিনয় করছেন অক্ষয় কুমার, বোমান ইরানি, শ্রিয়া পিলগাঁওকর ও সাইয়ামি খের। সূত্র: নিউজ১৮

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]