শোবিজে কাজের প্রয়োজনে চরিত্র পরিবর্তন কিংবা কোনো কাজ থেকে বাদ পড়ার ঘটনা নতুন নয়। ক্যারিয়ারে কাজের সুযোগ পাওয়ার পাশাপাশি এমন অভিজ্ঞতার মুখোমুখিও হতে হয় তারকাদের। অভিনেত্রী আইশা খানও বিষয়টিকে নেতিবাচকভাবে না দেখে শেখার সুযোগ হিসেবেই দেখেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে কাজ থেকে বাদ পড়ার প্রসঙ্গে আইশা খান বলেন, ‘কাজ থেকে বাদ দেওয়া খুবই সাধারণ বিষয়। আমার কাছে মনে হয়, এটাও এক ধরনের শিক্ষা। সবসময় যে আমি ভালো রেজাল্ট করব, এমন ব্যাপারটা তো না। গ্রাফটা যখন উত্থান-পতন হয়, দেখতেও ভালো লাগে। আমাকে নিরহংকার থাকতে এটা হেল্প করে।’
গ্ল্যামার জগতের পরিচিত মুখদের নিয়মিতই নানা আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়। বিনোদন অঙ্গনের এই বাস্তবতাকে নিজের কাজেরই অংশ মনে করেন আইশা। তবে সব ধরনের মন্তব্যকে গুরুত্ব না দিয়ে প্রয়োজনীয় ও গঠনমূলক সমালোচনাকেই বিবেচনায় নেন তিনি।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আলোচনা-সমালোচনা তো হবেই। আমরা যে জায়গাটাতে আসলে কাজ করি, সেই জায়গাটার একটা কালচার। সব সমালোচনাকে যেমন আমি গুরুত্ব দিই না।’
কোনো সমালোচনা নিজের কাজ বা আচরণ সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরলে সেটিকে গুরুত্ব দেন জানিয়ে আইশা খান বলেন, ‘যেটা আমি বুঝি, হ্যাঁ, এই সমালোচনাটা যে হচ্ছে আমাকে নিয়ে, এটা আমার কোনো ভালো বা এটা আমার শোধরানোর প্রয়োজন-সেটাকে আমি সেভাবেই টেককেয়ার করি।’