সেটে বলিউড অভিনেতা সালমান খানের উপস্থিতি তাকে হলিউড তারকা উইল স্মিথের কথা মনে করিয়ে দেয় বলে জানিয়েছেন ‘৭ ডগস’ সিনেমার পরিচালক আদিল এল আরবি। তার মতে, উইল স্মিথের মতোই সালমানের মধ্যেও সহজাত তারকাসুলভ উপস্থিতি রয়েছে।
আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক অ্যাকশন থ্রিলার সিনেমা ‘৭ ডগস’। এতে সালমান খান ও বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্তের পাশাপাশি অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি।
সিনেমাটি পরিচালনা করেছেন মরক্কো-বেলজিয়ান পরিচালক জুটি আদিল এল আরবি ও বিলাল ফালাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে দুই নির্মাতাই তার অভিনয় ও তারকাসুলভ উপস্থিতির প্রশংসা করেন।
পরিচালক আদিল বলেন, সেটে সালমানের উপস্থিতি তাকে উইল স্মিথের কথা মনে করিয়ে দিয়েছে। তার ভাষায়, ক্যামেরা সালমানের দিকে তাক করলেই যেন এক ধরনের ‘ম্যাজিক’ তৈরি হয়, যা দৃশ্যটিকে আলাদা মাত্রা দেয়।
আদিলের মতে, কোনো দৃশ্যের জন্য ঠিক কী প্রয়োজন, সালমান খুব দ্রুত তা বুঝে ফেলেন। প্রয়োজনীয় অংশ নিখুঁতভাবে করার পর নিজের অভিনয়শৈলী অনুযায়ী আরও কিছু যোগ করেন তিনি। এই অভিজ্ঞতাকে আদিলের কাছে অনেকটা অভিনয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গিয়ে চলচ্চিত্র নির্মাণ শেখার মতো মনে হয়েছে।
বিলাল ফালাহও সালমানের কাজের ধরন নিয়ে একই ধরনের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, শুটিংয়ের সময় সালমান অনেক সময় এক-দুটি সংলাপ নিজের মতো করে যোগ করতেন, যা পরবর্তী সময়ে সম্পাদনার সময় নতুন করে নজরে আসত।
বিলালের ভাষায়, ছোট একটি মুহূর্তকেও স্মরণীয় করে তোলার বিশেষ ক্ষমতা রয়েছে সালমানের।
প্রায় চার কোটি ডলার বাজেটে নির্মিত হয়েছে ‘৭ ডগস’। আরব অঞ্চলের অন্যতম ব্যয়বহুল সিনেমা হিসেবে আলোচনায় থাকা ছবিটির বড় অংশের শুটিং হয়েছে সৌদি আরবের রিয়াদে। নির্মাণে লড়াই, স্টান্ট ও বিস্ফোরণের দৃশ্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন নির্মাতারা।
সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হিসেবে থাকছে একটি বিশেষ বিস্ফোরণের দৃশ্য, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। নির্মাতাদের দাবি, ‘৭ ডগস’-এ দেখানো ওই বিস্ফোরণ চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় ‘বিস্ফোরণ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
জ/উ