ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মানুষের কল্পনাপ্রসূত ধারণা, অহেতুক বিচারপ্রবণতা এবং কাছের মানুষদের বিশ্বাসঘাতকতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তুলে ধরেছেন, কাছের মানুষের ভণ্ডামি ও ভুল ধারণার কারণে তৈরি হওয়া মানসিক কষ্টের কথা। একই সঙ্গে এমন পরিস্থিতিতেও নিজের মূল্যবোধ ধরে রেখে শক্ত থাকার বার্তা দিয়েছেন অভিনেত্রী।
পোস্টে প্রভা লেখেন, ‘মানুষ যখন ধারণার বশবর্তী হয়ে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বা আপনাকে ‘খারাপ মানুষ’ হিসেবে আখ্যা দেয়, তখন সত্যিই খুব কষ্ট হয়। অথচ তারা যা বিশ্বাস করে, তার ৯০ শতাংশই কেবল তাদের নিজেদের কল্পনা, বিচার-বুদ্ধি কিংবা নিজেদের বড় করে দেখানোর একটা প্রবৃত্তি মাত্র।’
কাছের মানুষের আচরণে পাওয়া কষ্টের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘তার চেয়েও বেশি কষ্টদায়ক হলো, যখন তারা খুব সুবিধাজনকভাবে নিজেদের ভুল-ত্রুটিগুলো ভুলে যায়, অথচ আপনাকে নিয়ে কুৎসা রটানোকে নিজেদের অধিকার মনে করে। কখনো কখনো এই মানুষগুলো তারাই যাদের একসময় ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন। তারা হতে পারে আপনার বন্ধু, পরিবারের সদস্য, সহকর্মী কিংবা আপনার প্রাক্তন সঙ্গী।’
এ ধরনের আচরণে একজন মানুষ মানসিকভাবে ভেঙে পড়তে পারেন বলেও উল্লেখ করেন প্রভা। তার ভাষায়, ‘এটি আপনাকে মারাত্মকভাবে ব্যথিত করতে পারে। আপনি হয়তো কিছুদিন নিস্তব্ধ, ভেঙে পড়া কিংবা নিজেকে মূল্যহীনও মনে করতে পারেন।’
তবে এমন পরিস্থিতিতে নিজেকে অন্যের ধারণা দিয়ে বিচার না করার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘মনে রাখবেন, আপনাকে নিয়ে অন্য কারও চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি কখনোই আপনার চরিত্রকে নির্ধারণ করে না। তাদের ভণ্ডামি, ভুল ধারণা কিংবা নিজেদের ভুল স্বীকার করতে না পারার দায়ভার বহন করা আপনার কাজ নয়।’
জ/উ