বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই দারুণ চমক দেখিয়েছিল কেপ ভার্দে। আর সেই সাফল্যের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক ভোজিনহা। বিশ্বমঞ্চে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ৪০ বছর বয়সে যোগ দিয়েছেন চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কলোর দলে।
নতুন ক্লাবে যোগ দিতে সান্তিয়াগো বিমানবন্দরে পৌঁছানোর আগেই উৎসবের আমেজ তৈরি করেন হাজারো কলো-কলো সমর্থক। প্রিয় তারকাকে স্বাগত জানাতে তারা জার্সি, ব্যানার, উপহার ও করতালিতে মুখর করে তোলেন পুরো বিমানবন্দর। ভক্তদের এমন উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত হন অভিজ্ঞ এই গোলরক্ষক।
বিমানবন্দরের পর একই উচ্ছ্বাস দেখা যায় ক্লাবের আনুষ্ঠানিক পরিচয়পর্বেও। বুধবার সান্তিয়াগোর ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতিতে প্রথমবার কলো-কলোর জার্সি গায়ে মাঠে নামেন ভোজিনহা। ক্লাবের অর্জিত গুরুত্বপূর্ণ ট্রফিগুলোর সামনে দাঁড়িয়ে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি।
সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হয়ে ভোজিনহা বলেন, আমি খুবই আনন্দিত। চিলির সবচেয়ে বড় ক্লাবের সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ। এগিয়ে চলো, কলো-কলো!
২৯ নম্বর জার্সি পরা এই গোলরক্ষকের আগামী ১৬ আগস্ট ঘরের মাঠে কলো-কলোর হয়ে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর আন্তর্জাতিক অঙ্গনে ভোজিনহার জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়েছে। এর সবচেয়ে বড় প্রমাণ তার সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রামে যেখানে আগে তার অনুসারী ছিল প্রায় ৫০ হাজার, সেখানে বিশ্বকাপের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯০ লাখেরও বেশি।
জ/শা