স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-06T14:24:21+06:00
2026-08-06T14:24:21+06:00
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
খেলাধুলা
বিশ্বকাপের স্বত্ব বিক্রি পরিকল্পনায় ভুল স্বীকার, ক্ষমা চাইল ফিফা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:২৪ পিএম 
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করে ভুল স্বীকার করেছে ফিফা। একই সঙ্গে ফিফা কাউন্সিল ও সদস্য দেশগুলোর ফুটবল সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন ভুল না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

গতকাল বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ফিফা জানায়, মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা মরক্কোয় অনুষ্ঠিত বৈঠকে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের মাধ্যমে বিশ্বকাপের মুনাফার একটি অংশ বিক্রির পরিকল্পনা যথাযথভাবে পরিচালিত হয়নি বলেও স্বীকার করা হয়েছে।

প্রবল সমালোচনার মুখে গত শনিবার প্রায় ২ হাজার কোটি ডলারের পরিকল্পনা প্রত্যাহার করেন ইনফান্তিনো। প্রস্তাব অনুযায়ী, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের প্রায় ২০ শতাংশ বিক্রি করে ৪২০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা ছিল।

তবে এই ইস্যুতে সমালোচনা থামেনি। ইউরোপের শীর্ষ লিগগুলোর সংগঠন ফিফার শাসনব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছে। তাদের মতে, এ পরিকল্পনা ফিফার পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এর আগে পর্তুগালের কিংবদন্তি লুইস ফিগোও ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেন।

এদিকে, ২০৩০ সালের বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে মরক্কোকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে-এমন দাবি নাকচ করেছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, এ বিষয়ে যথাসময়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।

সব বিতর্কের মধ্যেই আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো।

জ/উ






Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]