বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মতে, সুন্দর ও সুস্থ ত্বকের জন্য দীর্ঘ ও জটিল স্কিনকেয়ার রুটিনের প্রয়োজন নেই। বরং নিয়মিত পরিচর্যা, নিজের ত্বকের চাহিদা বোঝা এবং পরিচিত উপাদানের ব্যবহারই উজ্জ্বল ত্বকের মূল চাবিকাঠি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি বলেন, তিনি কখনোই সৌন্দর্যচর্চার নতুন ট্রেন্ডের পেছনে ছুটে বেড়ান না। বাজারে আসা নতুন প্রসাধনী ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষার পরিবর্তে ছোটবেলা থেকে পরিচিত প্রাকৃতিক উপাদানের ওপরই আস্থা রাখেন। তার ভাষ্য, দীর্ঘদিন যেসব উপাদানের সঙ্গে ত্বক মানিয়ে নিয়েছে, সেগুলোই সবচেয়ে নিরাপদ ও কার্যকর।
রানির সৌন্দর্যচর্চার অন্যতম ভরসা নারকেল তেল। ত্বক ও চুলের যত্নে তিনি নিয়মিত এটি ব্যবহার করেন। তার মতে, নারকেল তেল ত্বক ও চুলের আর্দ্রতা ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। এছাড়া প্রতিনিয়ত নতুন প্রসাধনী ব্যবহারে ত্বকে অ্যালার্জি, ব্রণসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বলেও তিনি সতর্ক করেন।
রানি আরও বলেন, শুধু প্রসাধনী নয়, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক প্রশান্তি এবং সুস্থ জীবনযাপনও ত্বকের সৌন্দর্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকের ত্বকের ধরন ভিন্ন হওয়ায় অন্যের রুটিন অনুসরণ না করে নিজের ত্বকের প্রয়োজন অনুযায়ী পরিচর্যা করাই সবচেয়ে উপকারী। রানির বিশ্বাস, অল্প কিছু উপযুক্ত পণ্যের নিয়মিত ব্যবহারই দীর্ঘদিন ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সহায়ক।
জ/উ