শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন।
জানা গেছে, ‘রাণাবলী’ ও ‘মাইসা’ সিনেমার শুটিং করতে গিয়ে নিতম্বে গুরুতর আঘাত পান রাশমিকা। দুটি ছবিতেই লড়াই ও নাচের দৃশ্যে অভিনয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। এতে তার নিতম্ব ও কোমরের মাঝের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে দেখা যায়, যারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলন করেন। তাই একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন আঘাত তাদের কাছেও অস্বাভাবিক বলে মনে হয়েছে।
বর্তমানে চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন রাশমিকা। তাকে সর্বশেষ ‘ককটেল ২’ সিনেমায় দেখা গেছে।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা। বিয়ের পর ‘রাণাবলী’ ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন এই তারকা দম্পতি। এর আগে ‘অর্জুন রেড্ডী’, ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’সহ একাধিক ছবিতে তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর হায়দরাবাদে প্রীতিভোজের আয়োজন করেন বিজয়-রাশমিকা। সেই আয়োজনে দক্ষিণী চলচ্চিত্র ও বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন।
জ/উ