ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত। বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় রয়েছেন তিনি। নতুন ছবি, ব্যক্তিগত মুহূর্ত এবং জীবনের নানা ভাবনা প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।
গতকাল শুক্রবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি নতুন ছবি প্রকাশ করেন শাবনূর। কমলা রঙের স্টাইলিশ ব্লেজারে হাস্যোজ্জ্বল উপস্থিতিতে ক্যামেরাবন্দি হন তিনি। রঙিন ফুলে সাজানো পটভূমিতে তোলা ছবিগুলো তার নতুন লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ছবিগুলোর সঙ্গে একটি অর্থবহ বার্তাও শেয়ার করেন শাবনূর। তিনি লেখেন, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’
অভিনেত্রীর এই পোস্টে ভক্তদের অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন এবং মন্তব্যে ভালোবাসা ও সমর্থনের বার্তা জানান। একজন ভক্ত লেখেন, ‘তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, হাজার তারার মাঝে একটি চাঁদ, আর হাজার নায়িকার মাঝে একটাই নাম-শাবনূর।’ আরেকজন মন্তব্য করেন, ‘দূর কে কী বলবে বলুক, আমরা জানি শাবনূর আপু অনেক ভালো মানুষ।’
প্রসঙ্গত, প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। তবে ছবিটির কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে সিনেমাটির কিছু অসম্পাদিত ফুটেজ ও শুটিং ক্লিপ প্রকাশ্যে এলে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এরপর থেকে নতুন কোনো চলচ্চিত্রে এখনও দেখা যায়নি জনপ্রিয় এই অভিনেত্রীকে।
জ/উ