সৌদি আরবে চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসী

জবাবদিহি ডেস্ক

প্রবাস

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পারায় কারও চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে, আবার কারও ভিসা কিংবা কাজ ও বসবাসের অনুমতির মেয়াদ শেষ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গত সোমবার মধ্যরাত পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবে যেতে পারেননি ৮ হাজার ৩৮১ জন যাত্রী।

2026-10-13T08:04:49+06:00
2026-10-13T08:04:49+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
প্রবাস
সৌদি আরবে চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসী
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:০৪ এএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পারায় কারও চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে, আবার কারও ভিসা কিংবা কাজ ও বসবাসের অনুমতির মেয়াদ শেষ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গত সোমবার মধ্যরাত পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবে যেতে পারেননি ৮ হাজার ৩৮১ জন যাত্রী।

কুমিল্লার আবুল হাসানাত তাঁদেরই একজন। দুই বছর ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন তিনি। গত আগস্টের শেষ দিকে ছুটিতে দেশে আসেন। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে তাঁর রিয়াদে ফেরার কথা ছিল। পরদিনই কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও ফ্লাইট স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ে ফিরতে পারেননি তিনি। এতে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন এই প্রবাসী।

হাসানাতের মতো আরও অনেক প্রবাসী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাঁদের কেউ কর্মস্থলে সময়মতো যোগ দিতে না পারায় চাকরি হারানোর ভয় করছেন, আবার কারও ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। কারও ক্ষেত্রে কাজ ও বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের সামনে সৌদিগামী যাত্রী ও তাঁদের স্বজনদের ভিড় দেখা যায়। ফ্লাইট বন্ধের খবর জানার পরও অনেকে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন, যদি কোনো ফ্লাইট ছেড়ে যায়। এতে যাত্রীদের পাশাপাশি তাঁদের স্বজনদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অপেক্ষমাণ যাত্রীদের কেউ কেউ জানান, ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও কবে আবার তা শুরু হবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না। এ কারণে অনেকে গ্রামের বাড়িতে ফিরে না গিয়ে লাগেজ-ব্যাগেজ নিয়ে বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন। কেউ কেউ ঢাকায় স্বজনদের বাসায় আশ্রয় নিয়েছেন।

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর একের পর এক হামলার কারণে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে সৌদি আরবগামী বাংলাদেশি প্রবাসী ও যাত্রীদের যাত্রা ব্যাহত হচ্ছে। গত শনিবার থেকে ঢাকা থেকে রিয়াদগামী কোনো ফ্লাইট সেখানে যেতে পারেনি। একই সঙ্গে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী আকাশপথের যোগাযোগও বন্ধ রয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবগামী বিভিন্ন এয়ারলাইনসের ৬১টি ফ্লাইট স্থগিত বা বাতিল করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইট ২২টি। বাকি ৩৯টি ট্রানজিট ফ্লাইট।

বেবিচকের হিসাব অনুযায়ী, সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নয়টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের চারটি এবং রিয়াদ এয়ারের সাতটি রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের তিনটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি এবং ফ্লাইদুবাইয়ের পাঁচটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইট স্থগিত বা বাতিল হওয়ায় সোমবার পর্যন্ত ৮ হাজার ৩৮১ জন যাত্রী সৌদি আরবে তাঁদের গন্তব্যে যেতে পারেননি।

রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে।

সোমবার রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। এসব ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।

এদিকে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসও ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে তাদের সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে।

সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারণ করা হলে সংশ্লিষ্ট যাত্রীদের তা জানিয়ে দেওয়া হবে।

সৌদি আরবগামী যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। ফ্লাইটের সর্বশেষ অবস্থা, টিকিট বুকিং এবং অন্যান্য তথ্য জানতে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।

সৌদি আরবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার দূতাবাসের প্রকাশিত এক ‘অতি জরুরি’ বিজ্ঞপ্তিতে প্রবাসীদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং বিমানবন্দরসহ যেকোনো বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা স্থায়ীভাবে বন্ধে জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ দাবি করেছে সংগঠনটি।

সোমবার দেওয়া এক শোকবার্তায় হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং তিন শতাধিক যাত্রী ও নাগরিক আহত হওয়ার ঘটনায় শোক ও গভীর উদ্বেগ প্রকাশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।

জ/শা 


  বিষয়:   সৌদি আরব  প্রবাসী বাংলাদেশি  ফ্লাইট চলাচল বন্ধ 


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত