আসন্ন দুর্গাপূজার ছুটি সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত করতে আগামী ১৭ অক্টোবর শনিবারকে কর্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফলে ওই দিন সরকারি অফিস-আদালতের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
গতকাল সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিসভার বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত এক দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আগে নির্ধারিত পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে নতুন এই ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের অবকাশ পাবেন।
সরকারি ছুটির সূচি অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।
তবে টানা এই ছুটির বিপরীতে ১৭ অক্টোবর শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে। ওই দিন সরকারি অফিস ও আদালতের কার্যক্রম অন্যান্য কর্মদিবসের মতোই চালু থাকবে।
এদিকে এ বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
জ/উ