কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লাইব্রেরিতে বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসাকে কেন্দ্র করে আইসিটি, প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বিরোধের সূত্রপাত হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রক্টর কার্যালয়ে ডাকা হয়। সেখানে সমাধান না হওয়ায় কার্যালয় থেকে বের হওয়ার পর দুই পক্ষের মধ্যে ফের ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারি শুরু হয়। পরে ক্যাম্পাসের প্রধান ফটকের কাছে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী প্রকৌশল অনুষদে গিয়ে আশ্রয় নেন। সেখানে উত্তেজনা তৈরি হলে তারা বের হওয়ার সময় আবারও সংঘর্ষ বাঁধে।পরে কয়েকজন শিক্ষার্থী দত্ত হলে গেলে সেখানে হলের শিক্ষার্থীদের সঙ্গে মারামারি হয়। এতে কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
কুবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, ‘মারামারিতে মোট ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন জানান, সকালে বিষয়টা সমাধান করে দেয়া হয়েছে, এরপরেও আবার ক্যাম্পাস গেইটে এবং দত্ত হলে গিয়ে সংঘর্ষ হয়েছে। সিসিটিভি ফুটেজ, সাংবাদিকদের ভিডিও পর্যবেক্ষণ করে যারা হামলা করেছে তাদের আইডেন্টিফাই করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জ/রা