তদন্তে রিজওয়ান, বন্ধ ঘরোয়া ক্রিকেটে খেলার পথ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-26T15:44:14+06:00
2026-09-26T15:44:14+06:00
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
তদন্তে রিজওয়ান, বন্ধ ঘরোয়া ক্রিকেটে খেলার পথ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
একদিকে অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগের তদন্ত, অন্যদিকে ক্রিকেট মাঠে ফেরার অনিশ্চয়তা-সব মিলিয়ে কঠিন সময় পার করছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। তদন্তের অংশ হিসেবে তার মুঠোফোন জব্দ করা হলেও সেটি এখনো ফেরত দেওয়া হয়নি। এর মধ্যে ঘরোয়া ক্রিকেটেও খেলার অনুমতি পাননি তিনি।

চলতি মাসের মাঝামাঝি ইংল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর থেকেই রিজওয়ানকে ঘিরে তদন্ত চলছে। পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন (এনসিসিআইএ) এজেন্সি বিষয়টি খতিয়ে দেখছে। তবে তদন্ত চললেও এখন পর্যন্ত রিজওয়ানের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়েছে-এমন তথ্য প্রকাশ্যে আসেনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করে অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট সবার বিষয় যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে তদন্তের বিষয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন রিজওয়ান। পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী ইউনিটের কাছেও বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন তিনি। তার মুঠোফোন জব্দ করা, সেটি ইংল্যান্ড থেকে পাকিস্তানে নেওয়া এবং ফরেনসিক পরীক্ষা-এসব বিষয়ে আইসিসি কিংবা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অবগত ছিল কি না, তা জানতে চেয়েছেন রিজওয়ান। তবে এখনো কোনো জবাব পাননি তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক আইন বিভাগের প্রধান তাফাজ্জুল রিজভির মতে, তদন্তের বর্তমান পর্যায়কে চূড়ান্ত অভিযোগ হিসেবে দেখার সুযোগ নেই। তার ভাষ্য অনুযায়ী, রিজওয়ানের কাছে এখন পর্যন্ত একটি নোটিশ পাঠিয়ে প্রশ্নমালার উত্তর চাওয়া হয়েছে। কারও কাছে নোটিশ পাঠানো বা তদন্তকারী সংস্থার সামনে হাজির হতে বলা হয়েছে বলেই ওই ব্যক্তি অপরাধ করেছেন-এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

রিজভির ব্যাখ্যা অনুযায়ী, পাকিস্তানের আইনে অনলাইন বেটিং ও জুয়া অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের জন্য কাউকে নোটিশ দিতে পারে। এমনকি দেশের বাইরে থাকা ব্যক্তির কাছ থেকেও তদন্ত-সংশ্লিষ্ট তথ্য বা উপকরণ চাওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

তদন্ত চলার মধ্যেই রিজওয়ানের মাঠে ফেরার পথও আপাতত বন্ধ। প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ প্রথম শ্রেণির ক্রিকেটে তাকে খেলতে দেওয়া হয়নি। ইংল্যান্ড সফর শেষে পাকিস্তানের বেশির ভাগ ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশ নিলেও রিজওয়ানকে থাকতে হচ্ছে মাঠের বাইরে। এমনকি নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের সহ-অধিনায়ক করা হলেও দলটির হয়ে খেলার অনুমতি পাননি তিনি।

শুধু ক্রিকেট মাঠেই নয়, সংবাদমাধ্যম থেকেও দূরে রাখা হয়েছে রিজওয়ানকে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, তাকে দুবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তদন্ত নিয়ে প্রকাশ্যে কোনো অভিযোগ করবেন না বলে জানানোর পরও কেন তাকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

রিজওয়ানের মতো একই অভিযোগে পাকিস্তানের আরেক ক্রিকেটার ইমাম-উল-হককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মুঠোফোনও নেওয়া হয়েছিল। তবে রিজওয়ানের মতো প্রকাশ্যে এ বিষয়ে কোনো অবস্থান নেননি ইমাম।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]