মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি আর নেই। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের সময় মক্কা নগরীতে তিনি মৃত্যুবরণ করেন। হারামাইন শরিফাইনের সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শায়খ ইবরাহিম আল-মাদানি মসজিদুল হারামের মুকাব্বিরিয়ার অন্যতম সদস্য ছিলেন। আজান দেয়ার পাশাপাশি প্রয়োজনে ইমামের তাকবির মুসল্লিদের কাছে পৌঁছে দেয়াও ছিল তার দায়িত্বের অংশ। ফজরের আজান ও তাকবির দেয়ার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
মসজিদুল হারামে নিয়মিত ২৪ জন মুয়াজ্জিন দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে প্রতিদিন ছয়জন পাঁচ ওয়াক্ত নামাজের আজান এবং ফজরের প্রথম আজানের দায়িত্বে থাকেন। শায়খ ইবরাহিমের কণ্ঠে আজান, হজ ও ঈদের তাকবিরের বিভিন্ন রেকর্ডও সংরক্ষিত রয়েছে। মসজিদুল হারামে তার সর্বশেষ আজান ছিল ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি।
১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন শায়খ ইবরাহিম আল-মাদানি। পারিবারিক পরিবেশেই তিনি পবিত্র কুরআন হিফজ করেন। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেয়ার মাধ্যমে তার মুয়াজ্জিন জীবনের শুরু হয়।
১৪২৮ হিজরিতে তিনি মদিনার মসজিদ আল-মাদ্দাহতে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৪৩৯ হিজরিতে আনুষ্ঠানিকভাবে তাকে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেয়া হয়।
মদিনায় বেড়ে ওঠার কারণে তিনি মাদানি রীতির আজানের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলেন। বাবার সঙ্গে মক্কায় আসা-যাওয়ার সুবাদে মক্কি আজানের স্বতন্ত্র ধারার সঙ্গেও তার পরিচয় ঘটে। মক্কায় অবস্থানকালে মসজিদুল হারামের সাবেক মুয়াজ্জিন শায়খ আবদুল লতিফ মুল্লার সঙ্গে সাক্ষাৎ ও শেখার সুযোগ পান তিনি। ফলে মক্কি ও মাদানি উভয় ধারার আজানের বৈশিষ্ট্য তার কণ্ঠে ফুটে উঠেছিল।
জ/রা