নতুন অফিসে সহজে মানিয়ে নেওয়ার ১০ কৌশল

লাইফ স্টাইল

2026-09-08T21:03:12+06:00
2026-09-08T21:03:12+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
নতুন অফিসে সহজে মানিয়ে নেওয়ার ১০ কৌশল
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৩ পিএম 
সংগৃহীত ছবি
নতুন চাকরির প্রথম দিন অনেকের কাছেই নতুন শহরে যাওয়ার মতো। চারপাশে অপরিচিত মানুষ, নতুন ডেস্ক, ভিন্ন নিয়ম—সব মিলিয়ে মাথায় ঘুরতে থাকে নানা প্রশ্ন। কাকে কীভাবে সম্বোধন করবেন, কখন কথা বলবেন, কিংবা বসকে কাজের অগ্রগতি কীভাবে জানাবেন-শুরুতে এসব নিয়েই দ্বিধা তৈরি হওয়া স্বাভাবিক।

বিশ্ববিদ্যালয় শেষ করে প্রথম চাকরিতে যোগ দেওয়ার পর প্রীতিরও এমনই মনে হয়েছিল। তার ধারণা হয়েছিল, ‘এখানে সবাই এত কিছু জানে, শুধু আমিই যেন কিছু বুঝছি না।’ কিন্তু কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। তিনিই হয়ে ওঠেন দলের অন্যতম স্বচ্ছন্দ সদস্য।

এর পেছনে কারণ ছিল ধীরে ধীরে কর্মপরিবেশ বুঝে নেওয়া। নতুন অফিসে মানিয়ে নেওয়া মানে প্রথম দিন থেকেই সবকিছু জানা নয়; বরং মানুষ, কাজের ধরন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করা।

তবে বিষয়টি যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। কোথায় কথা বলা উচিত, কখন নীরব থাকা দরকার, সহকর্মীদের সঙ্গে কীভাবে সম্পর্ক তৈরি করবেন কিংবা পরিবর্তিত পরিস্থিতিতে নিজের কাজের ধরন কীভাবে মানিয়ে নেবেন-এসব বুঝতে সময় লাগে। নতুন বা অভিজ্ঞ-যে কর্মীই হোন না কেন, কিছু বিষয় মাথায় রাখলে নতুন কর্মপরিবেশে মানিয়ে নেওয়া সহজ হতে পারে।

১. প্রথমেই সব জানেন-এমন ভাব দেখাবেন না
নতুন কর্মস্থলে গিয়ে নিজের পুরোনো অভ্যাস বা কাজের ধরন অন্যদের ওপর চাপিয়ে না দিয়ে আগে পরিবেশটি বোঝার চেষ্টা করুন। সহকর্মীরা কীভাবে যোগাযোগ করেন, মিটিংয়ে কী ধরনের আচরণ প্রচলিত, কাজের অগ্রগতি কীভাবে জানানো হয়-এসব লক্ষ্য করা জরুরি।

প্রীতিও শুরুতে অনেক কিছু বুঝতে পারেননি। পরে তিনি দেখেন, তাদের টিমে ই-মেইলের পরিবর্তে একটি নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে কাজের আপডেট দিতে হয়। নিয়মটি বুঝে নেওয়ার পর তার জন্য কাজের সঙ্গে তাল মেলানো অনেক সহজ হয়ে যায়।

২. অভিজ্ঞতা থাকলেও নতুন নিয়ম শিখুন
অভিজ্ঞ কর্মীদেরও নতুন প্রতিষ্ঠানে গিয়ে পুরোনো অভ্যাসের ওপর পুরোপুরি নির্ভর করা উচিত নয়। পাঁচ বছরের অভিজ্ঞতা নিয়ে নতুন প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন আরিফ। আগের কর্মস্থলে রিপোর্ট তৈরির যে পদ্ধতি তিনি ব্যবহার করতেন, নতুন অফিসে সেটি ছিল সম্পূর্ণ ভিন্ন।

শুরুতে তার মনে হয়েছিল, ‘এ তো আমি অনেকবার করেছি।’ পরে তিনি বুঝতে পারেন, অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগে, কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানের কাজের পদ্ধতি আলাদা। তাই নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পাশাপাশি নতুন নিয়ম ও পদ্ধতি শেখার মানসিকতাও রাখতে হবে।

৩. প্রথম দিনেই সবার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা নয়
নতুন অফিসে গিয়েই প্রত্যেক সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির প্রয়োজন নেই। তানভীর প্রথম সপ্তাহেই সহকর্মীদের ব্যক্তিগত বিষয় নিয়ে নানা প্রশ্ন করতে শুরু করেছিলেন। পরে তিনি বুঝতে পারেন, সবাই তার মতো সহজে ব্যক্তিগত কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

এরপর তিনি ধীরে ধীরে সম্পর্ক তৈরির দিকে মনোযোগ দেন। এতে সহকর্মীরাও তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করেন। কর্মক্ষেত্রে ভালো সম্পর্ক সাধারণত সময়ের সঙ্গে গড়ে ওঠে; জোর করে তা তৈরি করা যায় না।

৪. না বুঝলে প্রশ্ন করুন
নতুন কর্মস্থলে কিছু না বুঝে প্রশ্ন করা কোনো দুর্বলতার লক্ষণ নয়। বরং বিষয়টি পরিষ্কার না করে কাজ করতে গিয়ে ভুল করার চেয়ে প্রয়োজনীয় প্রশ্ন করে নেওয়া বেশি কার্যকর।

মেহেদী শুরুতে সিনিয়র সহকর্মী সাদিয়াকে প্রায় প্রতিদিনই নানা বিষয়ে প্রশ্ন করতেন। সাদিয়া তাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখার পরামর্শ দেন। মেহেদী সেটিই অনুসরণ করেন। এক মাস পর দেখা যায়, আগের মতো তাকে আর প্রশ্ন করতে হচ্ছে না।

অর্থাৎ শুধু প্রশ্ন করাই যথেষ্ট নয়; পাওয়া উত্তরগুলো মনে রাখা এবং পরবর্তী কাজে প্রয়োগ করাও গুরুত্বপূর্ণ।

৫. বস বা নিয়ম বদলালেও মানিয়ে নিন
কর্মক্ষেত্রে পরিবর্তন আসতেই পারে। নতুন বস, নতুন সফটওয়্যার, টিমে পরিবর্তন কিংবা অতিরিক্ত দায়িত্ব-যেকোনো কিছুই কাজের ধরন বদলে দিতে পারে।

রাফির নতুন বস দায়িত্ব নেওয়ার পর মৌখিকভাবে কাজের আপডেট দেওয়ার পরিবর্তে লিখিত আপডেট দেওয়া বাধ্যতামূলক করেন। প্রথমে বিষয়টি তার কাছে বিরক্তিকর মনে হলেও পরে তিনি বুঝতে পারেন, পরিবর্তনের সঙ্গে বিরোধে যাওয়ার চেয়ে নতুন নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই সহজ।

কর্মক্ষেত্রে টিকে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা হলো পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা।

৬. চাপের সময়ও মাথা ঠান্ডা রাখুন
কাজের ডেডলাইন সামনে, অথচ চাপও বেশি-এমন পরিস্থিতিতেই একজন কর্মীর পেশাদারিত্বের পরীক্ষা হয়।

সুমাইয়া একবার নিজের ভুলের কারণে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের আগে পুরো টিমকে সমস্যায় ফেলেছিলেন। তিনি অন্য কাউকে দায়ী না করে নিজের ভুল স্বীকার করেন এবং সহকর্মীদের সঙ্গে বসে সমাধানের পথ খুঁজে বের করেন। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হয়।

চাপের মুহূর্তে দায়িত্বশীল আচরণ করতে পারলে সহকর্মীদের আস্থাও বাড়ে।

৭. মানিয়ে চলুন, কিন্তু নিজের সীমারেখা বজায় রাখুন
সব অফিসের সংস্কৃতি এক রকম নয়। কোথাও কর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকে, আবার কোনো প্রতিষ্ঠানে পরিবেশ তুলনামূলক আনুষ্ঠানিক হতে পারে।

ফারহান নতুন অফিসে গিয়ে দেখলেন, কাজের ফাঁকে সহকর্মীরা একে অন্যের সঙ্গে গল্প করলেও মিটিংয়ের সময় পরিবেশ বেশ আনুষ্ঠানিক। পরিস্থিতি অনুযায়ী তিনিও নিজের আচরণে প্রয়োজনীয় পরিবর্তন আনেন।

তবে মানিয়ে নেওয়ার অর্থ নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলা নয়। কোথায় নমনীয় হওয়া দরকার এবং কোথায় নিজের ব্যক্তিগত ও পেশাগত সীমারেখা বজায় রাখতে হবে-এই ভারসাম্য বোঝাই গুরুত্বপূর্ণ।

৮. অফিসের রাজনীতিতে জড়াবেন না
নতুন কর্মস্থলে কিছুদিন কাটালেই বোঝা যায়, কে কার ঘনিষ্ঠ, কার সঙ্গে কার মতবিরোধ রয়েছে। কিন্তু এসব অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়লে শেষ পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারেন নিজেই।

নাবিল একদিন আড্ডায় বসে এক সহকর্মীকে নিয়ে করা একটি মন্তব্যের জের পরে বুঝতে পারেন। এরপর তিনি সিদ্ধান্ত নেন, সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবেন, কিন্তু অন্যের ব্যক্তিগত বিষয় বা কর্মক্ষেত্রের দ্বন্দ্বে কোনো পক্ষ নেবেন না।

নিরপেক্ষ ও পেশাদার অবস্থান বজায় রাখাই এ ক্ষেত্রে নিরাপদ পথ।

৯. সিদ্ধান্তে বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎও ভাবুন
কর্মক্ষেত্রে প্রতিদিনই নানা ধরনের সিদ্ধান্ত নিতে হয়। নতুন দায়িত্ব পাওয়া, নতুন প্রকল্পে যুক্ত হওয়া কিংবা পদ পরিবর্তনের সুযোগ-এসব ক্ষেত্রে শুধু তাৎক্ষণিক সুবিধা বা অসুবিধা বিবেচনা করলেই হয় না।

মিথিলার সামনে নতুন একটি দায়িত্ব নেওয়ার সুযোগ এসেছিল। তিনি শুধু বাড়তি কাজের চাপের বিষয়টি দেখেননি; নতুন দায়িত্বটি তার দক্ষতা বাড়াতে এবং ভবিষ্যৎ ক্যারিয়ারে কী ধরনের প্রভাব ফেলতে পারে, সেটিও বিবেচনা করেছেন।

তাই কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বর্তমান পরিস্থিতির পাশাপাশি সম্ভাব্য ফলাফল এবং ভবিষ্যতের সুযোগগুলোও মূল্যায়ন করা উচিত।

১০. সামান্য সমস্যায় বারবার চাকরি বদল নয়
নতুন অফিসের পরিবেশে পুরোপুরি মানিয়ে নিতে কয়েক মাস সময় লাগতে পারে। শুরুতেই কাজের চাপ, সহকর্মী বা কর্মপরিবেশ পছন্দ না হলেই চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া সব সময় কার্যকর সমাধান নয়।

রাহাত এক বছরের মধ্যে দুবার অফিস পরিবর্তন করার পর বুঝতে পারেন, প্রতিবারই তাকে নতুন মানুষ, নতুন নিয়ম এবং ভিন্ন কাজের পদ্ধতির সঙ্গে পরিচিত হতে হচ্ছে। তৃতীয় প্রতিষ্ঠানে যোগ দিয়ে তিনি এবার নিজেকে কিছুটা সময় দেওয়ার সিদ্ধান্ত নেন।

কয়েক মাস পর তার কাছে যে পরিবেশটি শুরুতে কঠিন মনে হয়েছিল, সেটিই স্বাভাবিক হয়ে ওঠে। তাই বড় কোনো সমস্যা না থাকলে চাকরি বদলের আগে নিজেকে এবং নতুন কর্মপরিবেশকে কিছুটা সময় দেওয়া ভালো। কারণ প্রতিবার নতুন প্রতিষ্ঠানে গিয়ে শূন্য থেকে শুরু করার পরিবর্তে অনেক সময় বিদ্যমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজের অবস্থান তৈরি করাই বেশি কার্যকর।

মানিয়ে নেওয়া মানে নিজেকে হারানো নয়
অফিসের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া মানে নিজের স্বকীয়তা বিসর্জন দেওয়া নয়। বরং কোথায় কীভাবে কথা বলতে হবে, কখন নতুন কিছু শেখার প্রয়োজন, কখন পরিস্থিতির সঙ্গে পরিবর্তিত হতে হবে এবং কখন নিজের সীমারেখা অটুট রাখতে হবে-এসব বুঝে চলাই কর্মক্ষেত্রে মানিয়ে নেওয়ার মূল বিষয়।

নতুন কর্মস্থলে সফলতার জন্য শুধু নিজের কাজ জানা যথেষ্ট নয়। মানুষ, পরিবেশ ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলার দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। ধৈর্য, পর্যবেক্ষণ, দায়িত্বশীলতা এবং শেখার মানসিকতা থাকলে অপরিচিত কর্মপরিবেশও ধীরে ধীরে নিজের জন্য স্বচ্ছন্দ হয়ে উঠতে পারে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]