কৃষকদের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কারসাজি, মজুতদারি বা কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, কৃষকের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কেউ কারসাজি করলে তার ঠিকানা হবে হাজতে। কৃষকের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। নির্ধারিত মূল্যে কৃষক প্রয়োজনীয় সার পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, সার নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ সরবরাহে গুরুত্ব দিচ্ছে। কেউ অনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
শালিখার উন্নয়ন প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, আগামী পাঁচ বছরে উপজেলায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। পর্যায়ক্রমে সব কাঁচা রাস্তা পাকা করা হবে।
সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় নেতাকর্মীরা তাদের বিভিন্ন মতামত ও দাবি তুলে ধরেন।
সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, সদস্যসচিব মনিরুজ্জামান চকলেট, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আমিনুর রহমানসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জ/উ