বিরোধী দলের লংমার্চে বড় গাড়িবহর নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ। তিনি বলেন, একদিকে তেল-গ্যাস নেই বলা হচ্ছে, অন্যদিকে দুই থেকে তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে-এসব গাড়ি পানিতে চলে, নাকি তেলে?
গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) ফরিদপুরের নগরকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, লংমার্চে যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, তার হিসাবও জনগণ জানতে চায়। জুলাই সনদ বাস্তবায়নের দাবি থাকলে লংমার্চ না করে সংসদে এসে দাবি-দাওয়া তুলে ধরার আহ্বান জানান তিনি। তার মতে, আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমে সংসদেই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।
তিনি বলেন, সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে জনগণের জন্য কাজ করতে পারে। তেল নষ্ট করে লংমার্চ না করে সংসদে এসে কথা বলার আহ্বান জানান তিনি।
ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, গণতন্ত্র ফিরে এলেও ষড়যন্ত্র চলছে। কৃষকদের মধ্যে সারের সংকট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তবে তার দাবি, দেশে সারের কোনো সংকট নেই।
বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের ১৭ বছরে জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। বিদ্যুৎ স্থাপনা নির্মাণ করা হলেও পর্যাপ্ত উৎপাদনের ব্যবস্থা করা হয়নি এবং দেশের মজুত গ্যাস উত্তোলনেরও উদ্যোগ নেওয়া হয়নি। একই সঙ্গে গত দেড় বছরে ইউনূস সরকারও জ্বালানি খাতের উন্নয়নে কার্যকর অগ্রগতি করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ১৭ বছরের আর্থিক খাতের অনিয়ম ছয় মাসে দূর করা সম্ভব নয়।
বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে দাবি করে শামা ওবায়েদ বলেন, বিগত সরকারের প্রকৃত অপরাধীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচার হয়েছে এবং তাদের দেশের মাটিতে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন অন্যায়ভাবে বিচারের মুখোমুখি না হন, সেটিও নিশ্চিত করার কথা বলেন তিনি।
এর আগে নগরকান্দা মাহেন্দ্র নারায়ণ একাডেমি-সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন শামা ওবায়েদ। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি মাহেন্দ্র নারায়ণ একাডেমি চত্বর থেকে শুরু হয়ে উপজেলা ভূমি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। বিকেল সাড়ে ৫টার দিকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জ/উ