পরিবেশ রক্ষা ও দেশকে পরিচ্ছন্ন রাখতে প্রতিটি নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আজ সোমবার (৩ আগস্ট) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ এমন একটি বিষয়, যা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পৃক্ত। তিনি উল্লেখ করেন, ৩০ থেকে ৪০ বছর আগের বাংলাদেশের তুলনায় বর্তমানে রাজধানী থেকে গ্রামাঞ্চল পর্যন্ত রাস্তাঘাট, হাট-বাজার ও জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, টিস্যুসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়, যা পরিবেশের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, নিজের ঘর যেমন পরিচ্ছন্ন রাখতে সবাই সচেষ্ট থাকেন, তেমনি চারপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। সামান্য সচেতনতা ও দায়িত্বশীল আচরণ আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পারে।
প্রধানমন্ত্রী আরও বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে সাধারণ মানুষকে দুর্গন্ধের মধ্যে চলাচল করতে হয় এবং পরিবেশ দূষণ বাড়ছে। একই সঙ্গে দেশের পুকুর, খাল ও জলাশয়ে বর্জ্য ফেলার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় গিয়ে পুকুরপাড় ও জলাশয়ে আবর্জনার স্তূপ দেখেছেন বলেও উল্লেখ করেন।
ভিডিও বার্তায় পার্ক, বিনোদনকেন্দ্র ও পর্যটন এলাকায় ভ্রমণের সময় চিপসের প্যাকেট, লজেন্সের মোড়ক, বাদামের খোসাসহ যেকোনো বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “দেশটা আমাদের সবার। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সামান্য সচেতন হলে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
জ/উ