বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেবেন। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ার পর এটিই তার প্রথম প্রকাশ্য গণমাধ্যমভিত্তিক উপস্থিতি বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
প্রতিবেদন অনুযায়ী, ৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এফসিসি সাউথ এশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেও এটি সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে কথা বলবেন।
অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বলা হয়েছে, শেখ হাসিনার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতা, কূটনীতিক ও জনপরিচিত ব্যক্তিত্ব অংশ নেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, সাবেক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবসের (আইএপিসি) সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব শেষ হলে ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাবেক আওয়ামী লীগ সরকারের একাধিক নেতার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইনে বিচারিক কার্যক্রম নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে।
জ/উ