দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে মেকআপহীন, সাদামাটা পোশাকে খালি পায়ে নিজের বাগানে কৃষিকাজ করতে দেখা যায়। ভিডিওটি নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ভিডিওতে দেখা যায়, জয়া নিজ হাতে কোদাল চালিয়ে বাগানের মাটি প্রস্তুত করছেন। একজন সহায়তাকারীর সঙ্গে মাটিতে গোবর সার মেশানোর পাশাপাশি তিনি নিজের বাগানের বিভিন্ন গাছের পরিচয়ও তুলে ধরেন। তার বাগানে জবা, ঘুমন্ত জবাসহ নানা ধরনের গাছ রয়েছে বলে জানান তিনি।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে অনেকে জয়ার সরল জীবনযাপন ও পরিশ্রমের প্রশংসা করেছেন। মন্তব্যে কেউ তাকে ‘মাটির মানুষ’ বলে উল্লেখ করেছেন, আবার কেউ লিখেছেন, ‘মাটির সঙ্গে বন্ধুত্ব, এটা সুন্দর।’ কেউ কেউ তার ফিটনেসের রহস্য হিসেবে নিয়মিত কায়িক পরিশ্রমের কথাও তুলে ধরেছেন।
কোদাল হাতে মাটি কাটছেন জয়া। ছবি সূত্র- জয়া আহসানের ফেসবুকে প্রকাশিত ভিডিও থেকে।
এর আগে ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া আহসান জানিয়েছিলেন, নিয়মিত জিম করার চেয়ে তিনি দৈনন্দিন কায়িক শ্রমেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। নতুন সিনেমার প্রয়োজন হলে সীমিত সময়ের জন্য পিলাটিজ বা শরীরচর্চা করলেও বাড়ির বাগানে মাটি প্রস্তুত করা, গাছের পরিচর্যা এবং প্রয়োজন হলে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজ নিজেই করেন বলে জানান এই অভিনেত্রী।
জ/উ