জুমার দিনের ৮ গুরুত্বপূর্ণ আমল, জেনে নিন ফজিলত

ধর্ম ডেস্ক

ইসলাম ও জীবন

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। পবিত্র কোরআনে এ দিনে জুমার নামাজের আজান হলে আল্লাহর স্মরণের দিকে দ্রুত অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসেও জুমার দিনের বিশেষ ফজিলত ও গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বর্ণিত হয়েছে।

2026-10-09T11:33:43+06:00
2026-10-09T11:33:43+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
ইসলাম ও জীবন
জুমার দিনের ৮ গুরুত্বপূর্ণ আমল, জেনে নিন ফজিলত
ধর্ম ডেস্ক
⏲ ১১:৩৩ এএম | ৯ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। পবিত্র কোরআনে এ দিনে জুমার নামাজের আজান হলে আল্লাহর স্মরণের দিকে দ্রুত অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসেও জুমার দিনের বিশেষ ফজিলত ও গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বর্ণিত হয়েছে।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! জুমার দিন নামাজের আজান হলে তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা বন্ধ করো। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে পারো। এরপর নামাজ শেষ হলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ (জীবিকা) অনুসন্ধান করো। আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।’ (সুরা জুমা, আয়াত ৯-১০)

জুমার দিনের বিশেষ মর্যাদা

আবু লুবাবা বিন আবদুল মুনজির (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সেগুলো হলো—এ দিনে আল্লাহ তাআলা আদম (আ.)-কে সৃষ্টি করেছেন, তাঁকে পৃথিবীতে অবতরণ করিয়েছেন এবং তাঁর মৃত্যু দিয়েছেন। এ দিনে এমন একটি সময় রয়েছে, যখন কোনো বান্দা আল্লাহর কাছে কিছু প্রার্থনা করলে তিনি তা দান করেন—যদি সে হারাম কিছু প্রার্থনা না করে। আর এ দিনেই কিয়ামত সংঘটিত হবে। (ইবনে মাজাহ, হাদিস: ৮৯৫)

জুমার দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি আমল ও তার ফজিলত তুলে ধরা হলো—

১. জুমার নামাজ আদায় করা

জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করা। সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করল, সাধ্যমতো পবিত্রতা অর্জন করল, তেল ব্যবহার করল, ঘরে থাকা সুগন্ধি ব্যবহার করল, এরপর মসজিদে গেল এবং দুজন মুসল্লির মাঝখানে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্ধারিত পরিমাণ নামাজ পড়ল, তারপর ইমাম কথা বলা শুরু করলে চুপ থাকল—আল্লাহ তাআলা তার এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সময়ের গুনাহ মাফ করে দেবেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৮৩)

অন্য এক হাদিসে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে পরবর্তী জুমা এবং এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মোচন করে, যদি ব্যক্তি কবিরা গুনাহ থেকে বিরত থাকে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৩৩)

২. গোসল করে দ্রুত মসজিদে যাওয়া

জুমার দিন গোসল করা এবং যথাসম্ভব আগে মসজিদে উপস্থিত হওয়া ফজিলতপূর্ণ আমল। আউস বিন আউস সাকাফি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করল, দ্রুত মসজিদে গেল এবং ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে খুতবা শুনল, তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে এক বছরের রোজা ও নামাজের সওয়াব থাকবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৪৫)

৩. সুগন্ধি ব্যবহার করা

জুমার দিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং সুগন্ধি ব্যবহার করাও গুরুত্বপূর্ণ আমল। আবু সাঈদ খুদরি (রা.) বলেন, তিনি সাক্ষ্য দিচ্ছেন যে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমার দিন সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৮০)

৪. আগে মসজিদে প্রবেশ করা ও মনোযোগ দিয়ে খুতবা শোনা

জুমার নামাজের জন্য আগে মসজিদে উপস্থিত হওয়া এবং মনোযোগ দিয়ে খুতবা শোনার বিশেষ গুরুত্ব রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথমে মসজিদে গেল, সে যেন একটি উট কোরবানি করল। এরপর যে গেল, সে যেন একটি গরু কোরবানি করল। তারপর যে গেল, সে যেন একটি ছাগল কোরবানি করল। এরপর যে গেল, সে যেন একটি মুরগি সদকা করল। আর সর্বশেষ যে গেল, সে যেন একটি ডিম সদকা করল। অতঃপর ইমাম খুতবার জন্য বের হলে ফেরেশতারা আলোচনা শোনা শুরু করেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৪১)

৫. বেশি বেশি দোয়া করা

জুমার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন আল্লাহর কাছে দোয়া করলে তা কবুল হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমার দিনে কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণকর কিছু প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন। তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করো।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৮)

জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত আরেক বর্ণনায় এসেছে, জুমার দিনের ১২ ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কিছু প্রার্থনা করলে তিনি তা দান করেন। সময়টি আসরের শেষ ভাগে অনুসন্ধান করতে বলা হয়েছে। (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৮)

৬. সুরা কাহাফ পাঠ করা

জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সুরা কাহাফ তিলাওয়াত করা। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে, দুই জুমার মধ্যবর্তী সময়ে তা তার জন্য আলো হয়ে থাকবে। আর যে ব্যক্তি এ সুরার শেষ ১০ আয়াত পাঠ করবে, দাজ্জাল আবির্ভূত হলে সে তার কোনো ক্ষতি করতে পারবে না।’ (সহিহ তারগিব, হাদিস: ১৪৭৩; আল-মুসতাদরাক, ২/৩৯৯)

৭. বেশি বেশি ইস্তিগফার করা

জুমার দিন নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বেশি বেশি ইস্তিগফার করা উত্তম আমল। সহিহ বুখারির একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) জুমার দিনের গোসল, পবিত্রতা অর্জন, সুগন্ধি ব্যবহার, মসজিদে গিয়ে মুসল্লিদের কষ্ট না দেওয়া, নামাজ আদায় এবং খুতবার সময় নীরব থাকার ফজিলত বর্ণনা করেছেন। এসব আমলের মাধ্যমে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সময়ের গুনাহ মাফ হওয়ার কথা এসেছে। (সহিহ বুখারি, হাদিস: ৮৮৩)

 ৮. নবীজি (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা

জুমার দিনে রাসুলুল্লাহ (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে। আউস বিন আবি আউস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এ দিনেই আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই তিনি ইন্তেকাল করেছেন, এ দিনেই শিঙায় ফুঁ দেওয়া হবে এবং এ দিনেই সবাই বেহুঁশ হবে। অতএব, তোমরা এ দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ, জুমার দিনে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।’

সাহাবিরা জানতে চাইলেন, তাঁর দেহ মাটিতে মিশে যাওয়ার পর কীভাবে দরুদ তাঁর কাছে পেশ করা হবে। রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের দেহ ভক্ষণ করা নিষিদ্ধ করেছেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৭)

জুমার দিনের এসব আমল পালনের মাধ্যমে একজন মুসলিম আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে পারেন। তাই এ দিন নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, দোয়া, ইস্তিগফার ও দরুদ পাঠের পাশাপাশি অন্য মুসল্লিদের প্রতি সম্মান প্রদর্শন এবং খুতবা মনোযোগ দিয়ে শোনার বিষয়ে যত্নবান হওয়া উচিত।

জ/শা



  বিষয়:   ইসলাম ও জীবন  জুমার দিনের আমল 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত