সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় তারকাদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছেন অভিনেত্রী শ্রীলীলা। ইনস্টাগ্রামে তার একটি পোস্টে এরই মধ্যে ১ কোটি ১১ লাখের বেশি লাইক পড়েছে। ভারতীয় তারকাদের মধ্যে সর্বোচ্চ লাইক পাওয়া পোস্টগুলোর তালিকায় এটি অন্যতম। শুধু লাইক নয়, পোস্টটি এখন পর্যন্ত ২৫ কোটি ৮০ লাখের বেশি ভিউও পেয়েছে।
শ্রীলীলার ইনস্টাগ্রাম পোস্টে এমন ব্যাপক সাড়া তার বিপুল অনুসারী ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার বড় উদাহরণ হিসেবে দেখছেন অনেকে।
শ্রীলীলার প্রায় প্রতিটি পোস্টই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়। কখনো ফ্যাশনেবল সাজে, কখনো ঐতিহ্যবাহী পোশাকে, আবার কখনো জীবনের নানা মুহূর্তের ছবি প্রকাশ করে নিয়মিতই অনুরাগীদের নজর কাড়েন তিনি।
গ্ল্যামারাস ফটোশুটের পাশাপাশি ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ও স্বাভাবিক ভঙ্গির ছবিও জায়গা করে নেয় তার ইনস্টাগ্রাম ফিডে। ফলে পর্দার বাইরেও অভিনেত্রীর দৈনন্দিন জীবনের নানা মুহূর্তের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পান ভক্তরা। একটি ছবি কিংবা ছোট্ট কোনো মুহূর্ত প্রকাশ করেই ব্যাপক সাড়া পাওয়া এখন তার সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে।
ডিজিটাল দুনিয়ায় এই জনপ্রিয়তার পাশাপাশি ক্যারিয়ারেও নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন শ্রীলীলা। অনুরাগ বসুর পরিচালনায় একটি মিউজিক্যাল ড্রামার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। পাশাপাশি ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপ্টার ওয়ান’ সিনেমাতেও দেখা যাবে তাকে। এ ছাড়া হাতে রয়েছে আরও কয়েকটি নতুন কাজের সুযোগ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শ্রীলীলার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সূত্র: সিয়াসাত
জ/উ