জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-04T16:05:55+06:00
2026-08-04T16:05:55+06:00
বুধবার, ৫ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ৫ আগস্ট ২০২৬
জাতীয়
সৌদি সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:০৫ পিএম 
সৌদি আরবের ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশও সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এর আগে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠক করেন।

বৈঠক শেষে শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি সৌদি সরকার পূর্ণ আস্থা প্রকাশ করেছে। দুই দেশের মধ্যে অত্যন্ত সফল ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি জানান, মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগে সৌদি আরব আগ্রহ প্রকাশ করেছে। এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সাম্প্রতিক যুদ্ধের সময় নিহত তিন বাংলাদেশি নাগরিককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

তিনি বলেন, সৌদি সরকারের সহযোগিতায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এ জন্য বাংলাদেশ তাদের ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি সরকার।

শামা ওবায়েদ জানান, সৌদি ক্রাউন প্রিন্স ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশও সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই সৌদি আরবে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

এ ছাড়া চলতি বছরই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পলিটিক্যাল কনসালটেশন মিটিং এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পাসপোর্ট-সংক্রান্ত কনস্যুলার সমস্যাগুলো প্রায় সব দেশেই দেখা যায়। বিষয়টি এই বৈঠকের মূল আলোচ্য না হলেও সমাধানের জন্য জেদ্দা ও রিয়াদে বাংলাদেশের মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

তিনি আরও জানান, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টেকনিক্যাল টিম এবং সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট টিম যৌথভাবে বিষয়টি পর্যালোচনা করবে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি প্রতিনিধি দলের এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত করা।

তার ভাষায়, তারা বারবার বলেছেন, শুধু একটি খাতে নয়, বরং বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে চান।

তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের আলোচনার ভিত্তিতে উপযুক্ত সময়ে উচ্চপর্যায়ের সফরগুলো অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

উল্লেখ্য, সোমবার রাতে দুই দিনের সফরে ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

জ/শা




  বিষয়:   প্রধানমন্ত্রী তারেক রহমান  সৌদি সফর 



Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]