সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা দিন সকালে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু'জন মোটরসাইকেল ও তিনজনের বাসের যাত্রী রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ এবং জেলা ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এবং পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় উদ্ধার করার চেষ্টা চলছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী সদস্যরা জানিয়েছেন।
জ/দি