ক্যারিয়ারের ৪৮তম ট্রফি জয়ের ম্যাচে নিজে গোল করেছেন এবং সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন ইন্টার মিয়ামি তারকা লিওনেল মেসি। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার যুক্তরাষ্ট্রের ঘরোয়া টুর্নামেন্ট মেজর লিগ সকারে (এমএলএস) ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামছে দলটি।
আগামীকাল ভোর ৫টায় এমএলএসের ২৬তম রাউন্ডের ম্যাচে ওয়েস্টার্ন কনফারেন্সের দল সান দিয়েগোর বিপক্ষে দেখা হবে ইন্টার মায়ামির। টুর্নামেন্টটিতে সময়টা একদমই ভালো যাচ্ছে না মায়ামির, নিজেদের শেষ সাত ম্যাচের মাত্র একটিতে জয়ের মুখ দেখেছে তারা। আমেরিকান লিগে কোচ হিসেবে কিলিয়ান গনজালেসের এটিই প্রথম ম্যাচ হতে যাচ্ছে। যদিও ক্রুজ আসুলের বিপক্ষে ফাইনাল ম্যাচে ডাগআউটে প্রথমবার বসেছিলেন তিনি।
তবে কনফারেন্সের শীর্ষস্থান দখল করা যে বেশ কঠিন, তা ভালো করেই জানেন মেসি। লিগ টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিলের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হওয়ার ঘটনাকে (২-২ ড্র) শিরোপা লড়াইয়ের স্বপ্নে বড় ‘শীতল জল ঢেলে দেওয়ার মতো ধাক্কা’ হিসেবেই দেখা হচ্ছে। পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা ইন্টার মায়ামির সংগ্রহ ৪৫ পয়েন্ট, শীর্ষ থাকা ন্যাশভিলের চেয়ে ৯ পয়েন্ট কম। শিরোপা দৌড়ে টিকে থাকতে টুর্নামেন্টের বাকি প্রত্যেকটি ম্যাচেই মায়ামির জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
প্রতিপক্ষ সান দিয়েগোর সাম্প্রতিক ফর্মও বেশ অগোছালো, তারা টানা তিন ম্যাচে হেরে মাঠে নামছে। তবে শুধু জিতলেই হবে না, লিগ টেবিলে ওপরে ওঠার জন্য ন্যাশভিল যাতে পয়েন্ট হারায়- সেই দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।
প্রশ্ন উঠতে পারে, তবে কি জাতীয় দলে যোগ দেওয়ার আগে এটিই মেসির শেষ ম্যাচ? উত্তর হলো- ‘না’। স্কালোনের আর্জেন্টিনা স্কোয়াডের অন্যান্য ফুটবলাররা এই সপ্তাহের ম্যাচ শেষেই ফিফা আন্তর্জাতিক বিরতির উদ্দেশ্যে আলবিসেলেস্তে শিবিরে যোগ দেবেন। তবে মেসির ক্ষেত্রে মনুমেন্টাল স্টেডিয়ামে বিদায়ী ম্যাচের আগে এটিই শেষ মাঠে নামা নয়।
আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচের জন্যই কেবল জাতীয় দলে যোগ দেবেন মেসি। আন্তর্জাতিক বিরতির মধ্যেও এমএলএস টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে। আগামী রোববার কলম্বাস ক্রুয়ের বিপক্ষে আরেকটি অফিশিয়াল ম্যাচে মাঠে নামবেন মেসি। আপাতত সব নজর সান দিয়েগো ম্যাচের দিকে।
জ/বা