দারুণ ফর্মে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভান মাত্র ১৬ বছর বয়সেই প্রথমবারের মতো ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে।
মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে চলতি মৌসুমে ৬ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন ‘সুলিভান ব্রাদার্স’-এর মধ্যে সর্বকনিষ্ঠ এই ফুটবলার। তার পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তিনি।
২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক উইন্ডোর জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মরিসিও পচেত্তিনো। দলে বেশ কয়েকজন নতুন মুখের মধ্যে সবচেয়ে আলোচিত নাম কাভান সুলিভান।
সুলিভানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে তার পারফরম্যান্সও নজর কেড়েছে। জাতীয় দলে অভিষেক হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সে জাতীয় দলে খেলা ফুটবলারদের তালিকায় ওপরের দিকে জায়গা করে নেবেন তিনি।
তবে সুলিভানের অন্তর্ভুক্তির পাশাপাশি স্কোয়াডে সবচেয়ে বড় চমক ক্রিশ্চিয়ান পুলিসিচের অনুপস্থিতি। ২০২৬ বিশ্বকাপের দলেও থাকা এসি মিলানের এই ফরোয়ার্ডকে বিশ্বকাপ-পরবর্তী নতুন চক্রের প্রথম স্কোয়াডে রাখেননি পচেত্তিনো।
জ/রা