দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎসের সন্ধান করছে সরকার। প্রয়োজন হলে আফ্রিকার দেশগুলো থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ শনিবার সকালে আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস খুঁজছে। প্রয়োজন অনুযায়ী আফ্রিকা থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হতে পারে।
তিনি জানান, বাংলাদেশ তার রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে কাজ করছে। তৈরি পোশাকের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য নিয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘১৭ বছরের অত্যাচার-অনাচার থেকে একটা ডেমোক্র্যাটিক প্রসেসে আমরা ফেরত এসেছি। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবার পরে আমাদের প্রধানমন্ত্রী এই প্রথম জাতিসংঘের সাধারণ সভায় অংশগ্রহণ করবেন।’
আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে সামনে রেখে বাংলাদেশ ব্র্যান্ডিং এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে অনুষ্ঠানে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জ/উ