এইচএসসি পরীক্ষা চলবে, শিক্ষার্থীদের স্বার্থই অগ্রাধিকার: মাহদী আমিন

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-15T12:32:00+06:00
2026-07-15T12:32:00+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
এইচএসসি পরীক্ষা চলবে, শিক্ষার্থীদের স্বার্থই অগ্রাধিকার: মাহদী আমিন
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:৩২ পিএম 
এইচএসসি পরীক্ষা চলবে, শিক্ষার্থীদের স্বার্থই অগ্রাধিকার: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীদের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপদ পরিবেশে যথাসময়ে পরীক্ষা সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, পরীক্ষার্থীরা সরকারের কাছে সন্তানতুল্য। তাদের ভবিষ্যৎ, মানসিক প্রস্তুতি ও শিক্ষাজীবনের ধারাবাহিকতা বিবেচনায় নিয়েই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব বোর্ডের আওতায় বর্তমানে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ রয়েছে।

মাহদী আমিন বলেন, চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও জানান, কোথাও জলাবদ্ধতা বা যাতায়াতজনিত সমস্যা দেখা দিলে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা পরীক্ষার সময় বৃদ্ধি করার মতো সিদ্ধান্ত নিতে পারবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে, তিনি চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

উপদেষ্টা বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ত্রুটি শনাক্ত হওয়ায় ওই অংশের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নৌকায় পরীক্ষার্থী পারাপারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আকস্মিক জলাবদ্ধতায় একটি কেন্দ্রে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় এবং পরীক্ষার্থীদের পূর্ণ সময় নিশ্চিত করা হয়। জেলা প্রশাসন, পুলিশ ও শিক্ষা বোর্ডের সমন্বিত উদ্যোগে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, সারা দেশের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার ছবি বা ভিডিও পুরো পরীক্ষা ব্যবস্থার প্রতিচ্ছবি নয়। এ বিষয়ে বিভ্রান্তিকর বা পুরোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ড. মাহদী আমিন বলেন, সরকার শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল থেকে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। শিক্ষার্থীদের অযথা উদ্বিগ্ন না হয়ে পড়াশোনায় মনোযোগী থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শুধু একটি সনদ অর্জনের বিষয় নয়, বরং ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্বপূর্ণ ধাপ। সরকারও তাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]