স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-07-30T13:36:40+06:00
2026-07-30T13:36:40+06:00
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
বাংলা English
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
খেলাধুলা
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন অজিঙ্কা রাহানে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৩৬ পিএম 
ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই ছিটকে পড়লেও এবার আনুষ্ঠানিকভাবে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। অবসরের ঘোষণা দিয়ে রাহানে বলেন, জীবনের নতুন অধ্যায়ে পা রাখার জন্য ‘এটাই সঠিক টাইমিং’।

রাহানের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অর্জন ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে ঐতিহাসিক ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতানো। অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারত মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পর তার নেতৃত্বে দল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ে।

২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রাহানে ৮৫টি টেস্টে ৩৮.৪৬ গড়ে ১২টি সেঞ্চুরিসহ ৫ হাজার ৭৭ রান করেন। ওয়ানডেতে ৩৫.২৬ গড়ে তিনটি সেঞ্চুরিসহ তার সংগ্রহ ২ হাজার ৯৬২ রান। টি-টোয়েন্টিতে ১১৩.২৯ স্ট্রাইক রেটে করেছেন ৩৭৫ রান। ভারতের অধিনায়ক হিসেবে ছয়টি টেস্টে নেতৃত্ব দিয়ে চারটিতে জয় পান, বাকি দুটি ম্যাচ ড্র হয়। এছাড়া আইপিএলে ছয়টি দলের হয়ে ২১২টি ম্যাচ খেলেছেন তিনি।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহানে বলেন, আমি সবসময় আমার ব্যাটিংয়ে টাইমিংয়ের ওপর ভরসা রেখেছি। আজ মনে হচ্ছে, জীবনে সামনে এগিয়ে যাওয়ার এবং আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণার এটাই সঠিক সময়।

ডোম্বিভলি থেকে অনুশীলনের উদ্দেশ্যে যাত্রা শুরুর স্মৃতিচারণ করে তিনি বলেন, ক্রিকেটকে তিনি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। প্রতিটি দিন, প্রতিটি ইনিংস এবং প্রতিটি সুযোগে তার একমাত্র স্বপ্ন ছিল ভারতের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করা।

রাহানে আরও বলেন, সবসময় নিজের আগে দেশ ও দলকে প্রাধান্য দিয়েছি। সততার সঙ্গে খেলেছি এবং বিশ্বাস করেছি, লক্ষ্য ও উদ্দেশ্য সৎ থাকলে ক্রিকেট কখনো কাউকে খালি হাতে ফেরায় না।

তিনি জানান, একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে তার অধ্যায়ের সমাপ্তি হলেও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না। আগামী প্রজন্মকে সহায়তা করা, নিজের অভিজ্ঞতা ও ক্রিকেট থেকে শেখা মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে খেলাটিকে কিছু ফিরিয়ে দিতে চান তিনি।

ভারতের মিডল অর্ডারের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে পরিচিত রাহানে বিশেষ করে বিদেশের মাটিতে ছিলেন বেশি সফল। দেশের মাঠে ৩২টি টেস্টে তার ব্যাটিং গড় ৩৫.৭৩ হলেও বিদেশে ৫১টি টেস্টে গড় ৩৯.৪৩। টেস্ট ক্যারিয়ারের ১২টি সেঞ্চুরির মধ্যে আটটিই এসেছে দেশের বাইরে।

২০২৩ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল রাহানের শেষ বড় আন্তর্জাতিক ম্যাচ। ওই ম্যাচে ভারতের পক্ষে সর্বোচ্চ রানও করেছিলেন তিনি। এরপর ভারতের হয়ে মাত্র দুটি টেস্ট খেলেন।

বর্তমানে যুক্তরাজ্যে অনুষ্ঠিত দ্য হানড্রেড টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন অজিঙ্কা রাহানে।

সূত্র: রয়টার্স

জ/শা






  বিষয়:   অজিঙ্কা রাহানে  আন্তর্জাতিক ক্রিকেট 



Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]