ফিফা আসিয়ান কাপের মিশনটা দুঃস্বপ্নের মতোই কাটল বাংলাদেশের। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে চার গোল হজম করা বাংলাদেশ শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে আরও বড় ব্যবধানে হারল। ৯-২ গোলের বিশাল পরাজয়ে টানা তৃতীয় ম্যাচে হার নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে থমাস ডুলির শিষ্যরা।
গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ওই ম্যাচে ৩-০ গোলে হারে জামাল ভূঁইয়ার দল। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তুলনামূলক ভালো খেললেও ফল নিজেদের পক্ষে আনতে পারেনি বাংলাদেশ। ১-০ গোলের পরাজয়ে দ্বিতীয় ম্যাচেও পয়েন্টশূন্য থাকতে হয় তাদের।
শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে বাংলাদেশ। শুরুটাও ছিল গোছানো। তবে কয়েক মিনিট পরই ছন্দ হারাতে শুরু করে হামজা চৌধুরীরা। ম্যাচের ১১তম মিনিটে প্রথমবার বাংলাদেশের জালে বল পাঠায় স্বাগতিকরা। ওলে রোমেনির পাস থেকে গোল করেন লে বেকার।
২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ইন্দোনেশিয়ার ব্যবধান দ্বিগুণ করেন লে বেকার। ১২ মিনিট পর রিজকি রিদোর পাস থেকে আরও একটি গোল করে ব্যবধান ৩-০ করেন স্বাগতিকরা।
ম্যাচের ৩৬তম মিনিটে একটি গোল শোধ করে বাংলাদেশ। সুকির ক্রস থেকে পাওয়া বলে হেড করে গোল করেন শাহরিয়ার ইমন। তবে এক মিনিট পরই নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন লে বেকার। ফলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্দোনেশিয়া।
প্রথমার্ধের শেষ দিকে আরও দুইবার বাংলাদেশের জালে বল পাঠায় স্বাগতিকরা। ৪২তম মিনিটে নিজের চতুর্থ গোল করেন লে বেকার। যোগ করা সময়ে ইন্দোনেশিয়ার ষষ্ঠ গোলটি করেন হাবনার। ফলে ৬-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
প্রথমার্ধেই ছয় গোল হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। ৮৯ মিনিট পর্যন্ত স্কোরলাইন ৬-১ থাকলেও শেষ মুহূর্তে বদলে যায় ম্যাচের চিত্র।
৯০ মিনিট থেকে যোগ করা সাত মিনিটের মধ্যে আরও চার গোল হয়। এর তিনটি করে ইন্দোনেশিয়া, একটি বাংলাদেশ। ৯০তম মিনিটে ভিকেরি গোল করে ব্যবধান ৭-১ করেন। পরের মিনিটেই বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফারহান আলী ওয়াহিদ।
এরপর ইন্দোনেশিয়ার হয়ে কেভিন ডিকস আরও একটি গোল করেন। শেষ মুহূর্তে নিজের পঞ্চম গোল করে ইন্দোনেশিয়ার ৯-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন লে বেকার।
এই হারের ফলে তিন ম্যাচে কোনো পয়েন্ট না নিয়ে গ্রুপের তলানিতে থেকে আসিয়ান কাপের মিশন শেষ করেছে বাংলাদেশ। তিন ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। মালয়েশিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট, আর সিঙ্গাপুরের পয়েন্ট ৩।
জ/উ