মাদরাসা শিক্ষার্থীদের আধুনিক ও ইসলামি জ্ঞানের সমন্বয়ে নিজেদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।
তিনি বলেন, ডিজিটাল যুগে ইসলাম প্রচার ও জ্ঞানচর্চার ক্ষেত্রে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট চেকিং, ডেটা ব্যবস্থাপনা, সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব চ্যানেল, অনলাইন ফ্রিল্যান্সিং, কনটেন্ট ডেভেলপমেন্ট, অনলাইন কোর্স পরিচালনা ও ডিজিটাল প্রকাশনার মতো ক্ষেত্র কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও প্রতিভা বিকশিত করতে পারে।
গতকাল শুক্রবার (৭ আগস্ট) চট্টগ্রাম কলেজের অডিটোরিয়ামে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘মাদরাসায় উচ্চশিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাইস চ্যান্সেলর বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারলে মাদরাসা শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়েও ইতিবাচক ভূমিকা রাখার সক্ষমতা অর্জন করবে। একই সঙ্গে মাদরাসা শিক্ষার ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষকদের শিক্ষার্থীদের অভিভাবকের ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বাড়ানোর পাশাপাশি তাদের গবেষণামুখী করে তুলতে হবে। এ জন্য ফাজিল ও কামিল পর্যায়ে গবেষণাধর্মী পাঠ, অ্যাকাডেমিক লেখা এবং জার্নাল প্রকাশের বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদরাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মাদ গোলাম রব্বানী।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহীনুল ইসলাম এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম।
জ/উ