জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির সভা আজ ৫ আগস্ট (বৃহস্পতিবার) বিকালে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আগামী ১৬ আগস্ট সকাল নয়টায় শহিদ হাদিস পার্কস্থ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সকাল সাড়ে নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, ১০টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী, আলোচনা সভা ও সফল মৎস্য চাষি/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে।
১৭ আগস্ট সকাল ১০টায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে অংশীজনের সাথে খুলনা জেলার ‘মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন’ শীর্ষক মতবিনিময় সভা এবং বিকাল তিনটায় জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ১৮ আগস্ট ১০টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের পুকুরে মৎস্যজীবীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা ও বেলা দুইটায় খুলনা মৎস্য অধিদপ্তরের পরিচালকের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও, মৎস্যজীবী সমিতি, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ও মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিরা অংশ নেন।