কুমিল্লায় নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ১২ অক্টোবর সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তারা নিখোঁজ হয়। পরে ১৩ অক্টোবর রাতে ডিবি ও জেলা পুলিশের যৌথ প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় বিস্তারিত তথ্য তুলে ধরে প্রেস ব্রিফিং করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান আনিস।
আজ বুধবার (১৪ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পঙ্কজ বড়ুয়াসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো পঞ্চম শ্রেণির মায়শা আক্তার (১২), ঝুমুর (১২), সোনিয়া (১৩) এবং মায়শার ছোট বোন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জান্নাত (৮)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারা কুমিল্লা পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ জানায়, চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর তাদের সন্ধানে অনুসন্ধান শুরু করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও কিছু স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তদন্তে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার এবং টিকটক, ইমুসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন যুবকের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা পরিচয়ের সূত্র ধরে তারা বাসা থেকে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রথমে ঢাকায় এবং পরে হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট এক সিএনজিচালকসহ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে অভিভাবকদের সন্তানদের স্মার্টফোন ব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কার্যক্রমের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানায় পুলিশ। পাশাপাশি সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব এবং স্কুল বা কোচিংয়ে যাতায়াতের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার পরামর্শ দেওয়া হয়।
জ/উ