খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুরের কুলি বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জলিল মুন্সি একটি জুট প্রেসের শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বুকের ডান পাশে ও পিঠে দুটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।
কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, ‘এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কী কারণে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা করছি।’
জ/উ