জয়পুরহাটের পাঁচবিবিতে অনুষ্ঠিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপজেলার ১০১'জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, রজনীগন্ধা ফুল ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে একটি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। এতে প্রধান অতিথি ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল-মামুন মিয়া। এ সময় অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, তোমরাই কিন্তু আগামীতে দেশ গড়ার কারিগর। তোমাদের এই সাফল্য ধরে রেখে দেশ ও জাতির কল্যাণে আগামীতে কাজ করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের অধ্যক্ষ আখতার জাহান দুলারী, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তামবিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী ও উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা।