হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করবে সরকার-বিরোধী দল: জামায়াত আমির

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

হিন্দু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

2026-10-15T09:12:47+06:00
2026-10-15T09:12:47+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করবে সরকার-বিরোধী দল: জামায়াত আমির
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:১২ এএম | ১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
হিন্দু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

ডা. শফিকুর রহমান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে আয়োজিত এ সভায় হিন্দু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা, বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।

সভায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি। এ দেশে আমরা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী—আমরা সবাই বাংলাদেশি এবং এ দেশের গর্বিত নাগরিক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে।’

সভা শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, পূজামণ্ডপ ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতের নেতাকর্মীরা যে সহযোগিতা ও ভূমিকা রেখেছেন, তার প্রশংসা করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।

তিনি আরও বলেন, সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যা, বৈষম্য, বঞ্চনা ও দুর্ভোগের কথা তুলে ধরেছেন এবং সহযোগিতা চেয়েছেন। এসব সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে বলে বিরোধীদলীয় নেতা তাঁদের আশ্বস্ত করেছেন।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার ওপরও তিনি গুরুত্ব দেন।

ভবিষ্যতেও জামায়াতে ইসলামী এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন সুব্রত চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে শুধু বক্তব্যে নয়, বাস্তবেও সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনুবন্ধু রায়, মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রেসিডিয়াম সদস্য নারায়ণ চন্দ্র সরকার, সিনিয়র যুগ্ম মহাসচিব পার্থ সারথী ঘোষ ও যুগ্ম মহাসচিব অমল চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অর্পনা রায় ও সাধারণ সম্পাদক মিন্টন বৈদ্য এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস সাধন সভায় অংশ নেন।

অন্যান্য উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি তপন চন্দ্র মজুমদার, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ ও সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাশ ব্রহ্মচারী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের (প্রভাষ-পলাশ) সভাপতি ড. প্রভাস চন্দ্র রায় ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে।

এ ছাড়া বাংলাদেশ ঋষি পঞ্চায়েত ফোরামের সভাপতি রামানন্দ দাস ও সাধারণ সম্পাদক রাজ কুমার দাস, বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি আশিষ রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, বাংলাদেশ রবিদাস ফোরামের সভাপতি চাঁদমোহন রবিদাস ও সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্টের সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ননী গোপাল মজুমদার, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি দিলীপ রবিদাস ও সাধারণ সম্পাদক ফুল চাঁদ রবিদাস উপস্থিত ছিলেন।

সভায় আরও অংশ নেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ও সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল ও সাধারণ সম্পাদক নির্মল দাশ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক সোমনাথ দে-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন ও ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্য নেতারা। 

জ/শা 


  বিষয়:   জামায়াত আমির  ডা. শফিকুর রহমান  হিন্দু সম্প্রদায়ের অধিকার  হিন্দু নেতাদের সঙ্গে মতবিনিময় 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত