গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত হোটেলটিতে এ অভিযান চালানো হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকালে পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রা এলাকার মান্নান প্লাজার ওই আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে সেখানে এসব কার্যক্রম চালানো হতো। এ বিষয়ে তাঁরা একাধিকবার প্রশাসনকে অবহিতও করেন।
স্থানীয়দের অভিযোগ, এর আগে প্রশাসন ও পুলিশ কয়েক দফা অভিযান চালালেও হোটেলটিতে এসব কার্যক্রম বন্ধ হয়নি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ সব সময় তৎপর রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানো হবে।
জ/শা