ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালানো হলে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দিয়েছে গোষ্ঠীটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) হুথিদের পক্ষ থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়। এতে সৌদি আরবের দাম্মামে অবস্থিত আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীতে অবস্থিত আরামকোর একটি তেল শোধনাগার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে জানানো হয়েছে।
একই সঙ্গে সাধারণ মানুষকে এসব স্থাপনা থেকে সরে যাওয়ার পাশাপাশি সেগুলোর আশপাশ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে হুথিরা।
এর আগে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি সানার একটি তেল স্থাপনায় বিমান হামলা চালানোর ঘোষণা দেন। একই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
গত কয়েক দিন ধরে হুথি ও সৌদি আরবের মধ্যে সরাসরি সংঘাত চলছে। এর মধ্যে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পর থেকে হুথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে সৌদি আরব।
এদিকে মঙ্গলবারও রিয়াদ লক্ষ্য করে ড্রোন ছোড়ার ঘটনা ঘটেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। তবে সেগুলো কোন স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিংবা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি।
সানায় সৌদি জোটের সম্ভাব্য বিমান হামলার ঘোষণার পর হুথিদের পাল্টা হুমকিতে সৌদি আরব ও ইয়েমেনকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।
জ/শা