নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারার কারণে আলোচনায় আসা শতবর্ষী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৩ বছর।
আব্বাস প্রামাণিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর নাতি মো. জাহিদুল ইসলাম। পরিবার সূত্রে জানা যায়, রোববার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্রের পক্ষ থেকে চিকিৎসক পাঠিয়ে তাঁকে চিকিৎসাসেবা দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্রের ইউনিটের সাধারণ সম্পাদক আবু সাইদ সরকার জানান, আব্বাস প্রামাণিক দীর্ঘদিন ধরে তাঁদের সেবাকেন্দ্র থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করছিলেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
মৃত্যুকালে আব্বাস প্রামাণিক দুই মেয়ে ও ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে যোগেন্দ্রনগর দুর্গাপুর কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
জ/শা