রিয়াদ বিমানবন্দরে হামলা: নিহত ২, আহত ২৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৪ বাংলাদেশি নাগরিক। আহতদের মধ্যে ১১ জন সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিক এবং ১৩ জন ওমরাহযাত্রী।

2026-10-12T09:40:23+06:00
2026-10-12T09:40:23+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
রিয়াদ বিমানবন্দরে হামলা: নিহত ২, আহত ২৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:৪০ এএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৪ বাংলাদেশি নাগরিক। আহতদের মধ্যে ১১ জন সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিক এবং ১৩ জন ওমরাহযাত্রী।

নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শাহজাহানপুরের মো. শাহেদ আহম্মদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের মো. নাসরুল্লাহ বদরপুরি। হামলাটি ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের চালানো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, শাহেদ ছুটি কাটিয়ে সৌদি আরবে নিজের কর্মস্থল জেদ্দায় ফিরছিলেন। অন্যদিকে, নাসরুল্লাহ ওমরাহ পালনের উদ্দেশ্যে ট্রানজিটে জেদ্দাগামী ফ্লাইটের অপেক্ষায় বিমানবন্দরে অবস্থান করছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আহত ২৪ বাংলাদেশিকে রাজধানী রিয়াদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে রিয়াদ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাফেজ হাসান, কাজী নুরুল্লাহ ও মো. ওমর ফারুকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে রিয়াদ মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসাধীন নওগাঁর ওমরাহযাত্রী সাফফাত রহমানের অবস্থা আশঙ্কাজনক।

এ ছাড়া রিয়াদ মেডিকেল হাসপাতাল, প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতাল, সুলাইমান আল হাবিব হাসপাতাল, কিংডম হাসপাতাল, কিং ফাহাদ মেডিকেল সিটি, প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ হাসপাতাল এবং এস্টার সনদ হাসপাতালে অন্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আহতদের খোঁজখবর নেওয়া এবং সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা নিয়মিত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

হামলার পর বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় রিয়াদ বিমানবন্দরে প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েন। এ পরিস্থিতি মোকাবিলায় সৌদি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সহযোগিতায় জরুরি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

আটকে পড়া যাত্রীদের মধ্যে প্রায় ১০০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় হোটেল ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে।

এ ছাড়া বিমানবন্দরে আটকে পড়া ৬৭ জন ওমরাহযাত্রীকে বিশেষ বাসে করে সড়কপথে জেদ্দায় পাঠানো হয়েছে। ঢাকাগামী বাতিল হওয়া ফ্লাইটের প্রায় ৪০০ যাত্রীকে দেশে ফেরাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাশাপাশি স্থলসীমান্ত দিয়ে বাহরাইনগামী যাত্রীদের চলাচলেরও সুযোগ করে দেওয়া হয়েছে। আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ দূতাবাস।

জ/শা 


  বিষয়:   বাংলাদেশ  সৌদি আরব  হুথি হামলা  নিহত  আহত 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত