‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ রুটে বিমানের নির্ধারিত বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ ফ্লাইটগুলোর যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ফ্লাইটের সময়সূচি পরিবর্তন কিংবা পরবর্তী অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে ভোগান্তি তৈরি হয়েছে, সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী তথ্য পাওয়া মাত্রই বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করা হবে।
জ/শা