শরৎ এলেই কাশফুল আর নীল আকাশের টানে অনেকেই ছুটে যান কাশবনে। নানা ব্যস্ততায় এবার সেখানে যাওয়া হয়নি চিত্রনায়িকা পরীমনির। তবে তাই বলে শরতের আবহ থেকে নিজেকে দূরে রাখেননি এই তারকা। নীল শাড়ি আর হুমায়ূন আহমেদের বই হাতে ঘরের ভেতরেই খুঁজে নিয়েছেন শরতের আমেজ।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিগুলোতে তাকে নীল রঙের শাড়িতে দেখা যায়। চুল খোঁপা করা, কানে দুল এবং মুখে মৃদু হাসি নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি।
একটি ছবিতে ‘তন্দ্রাবিলাস’ বইটি বুকে জড়িয়ে রেখেছেন পরীমনি। অন্য একটি ছবিতে দেখা যায়, তিনি বইটির পাতা উল্টাচ্ছেন। নীল শাড়ি, সাদামাটা সাজ আর হাতে হুমায়ূন আহমেদের বই-সব মিলিয়ে তার উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।
ছবিগুলোর সঙ্গে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’
পরীমনির পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের কাছ থেকে নানা মন্তব্য আসতে থাকে। নীল শাড়িতে অভিনেত্রীর সাজের প্রশংসার পাশাপাশি তার লেখা ক্যাপশন নিয়েও মন্তব্য করেছেন অনেকে।
দেব দুলাল দত্ত নামে একজন লিখেছেন, ‘পরীর আবার আকাশ বাতাস কী... পরীর সব ই আকাশ, সব ই বাতাস...!’
ফরিদুল ইসলাম মন্তব্য করেছেন, ‘কাশবনে তোমার দেখা না মিললেও, এই লেখার ভাঁজে যেন তোমাকেই খুঁজে পেলাম। শরতের আকাশ যতটা নীল, তোমার মায়ায় হারিয়ে যাওয়ার অনুভূতিটা তার চেয়েও গভীর।’
মিনার হোসাইন লিখেছেন, ‘এমনিতেই যা সুন্দরী তার উপর আবার নীল শাড়ি পোলাপান তো পাগল হয়ে যাবে।’
কাশবনে যাওয়া হয়নি, দেখা হয়নি শরতের নীল আকাশও। তবে নীল শাড়ি আর প্রিয় লেখক হুমায়ূন আহমেদের বই হাতে পরীমনির এই আয়োজন ভক্তদের সামনে তুলে ধরেছে শরতের এক ভিন্ন আবহ।
জ/উ