ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের যৌথ উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রমজান আলী, চাতলপাড় কলেজের অধ্যক্ষ ওমর আলী, দাতমন্ডল আলীম মাদ্রাসার অধ্যক্ষ ইলিয়াস মিয়া, নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি আসমত আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক ছায়েমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মিসির উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুঞ্জিত দাস, আব্দুর রহিম, আতাউর রহমান গিলিমান, প্রাথমিকের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুল ইসলাম, সিক্তা রানী রায়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মাসুক মিয়া, তৃঞ্চা রানী দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা পরিবারের সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেও শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হলে তারা আরও উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। শিক্ষকদের অধিকার ও পেশাগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়নেও সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদেরও নিজেদের জ্ঞান ও দক্ষতা নিয়মিতভাবে সমৃদ্ধ করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, সুন্দর কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “শিক্ষকরাই ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কারিগর। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। নাসিরনগরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইসহাক মিয়া বলেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি দক্ষ, মানবিক ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরে শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
জ/শা